নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আবাসিক এলাকার দুই হাজার অবৈধ গ্যাস সংযোগসহ ও সাতটি হোটেল-রেস্তোরাঁর অবৈধ গ্যাস সংযোগ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
এসময় এ অভিযানে বাধা দেওয়ায় মোশারফ নামের একজনকে একমাসের কারাদণ্ডও দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ার চর ও জৈনপুর এলাকায় অভিযান চালানো হয়।
এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রবিন মিয়া।
তিতাস গ্যাস সোনারগাঁয়ের মেঘনাঘাট অঞ্চলের ব্যবস্থাপক মনিরুজ্জামান জানান, সোনারগাঁয়ের বিভিন্ন এলাকায় অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে দীর্ঘদিন ধরে অবৈধভাবে ব্যবহার করার কারণে সরকার কোটি কোটি টাকা রাজস্ব হারাচ্ছে। বুধবার দিনভর অভিযান চালিয়ে প্রায় চার কিলোমিটার এলাকার দুই হাজার অবৈধ আবাসিক গ্যাস সংযোগ ও সাতটি হোটেল রেস্তোরাঁর গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
আরও পড়ুন: রাণীনগরে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
তিনি আরও জানান, পর্যায়ক্রমে পুরো সোনারগাঁয়ে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হবে। অবৈধ গ্যাস সংযোগের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
একাত্তর/জো