নারায়ণগঞ্জ শহরের একটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে সাইদুল ইসলাম নামে এক ভুয়া এমবিবিএস ডাক্তারকে গ্রেপ্তার করে এক বছরের কারাদণ্ড দিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
রোববার বিকেলে চাষাঢ়ায় গ্রীন লাইফ এন্ড ডায়াগনস্টিক কনসালটেশন সেন্টারে গোয়েন্দা (এনএসআই) তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত আরা খানম।
এ সময় ডায়াগনস্টিক সেন্টারের কনসালটেন্ট চর্ম যৌন (এমবিবিএস) ডাক্তার সাইদুল ইসলামকে আটক করে তার কাগজপত্র চ্যালেঞ্জ করলে তিনি এমবিবিএস এর কাগজপত্র দেখাতে পারেননি।
আরও পড়ুন: সয়াবিন তেলের দাম লিটারে দশ টাকা কমলো
জেলা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার একেএম মেহেদী হাসান জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে বিশেষ অভিযানের অংশ হিসেবে গ্রীন লাইফ ডায়াগনস্টিক কনসালটেশন সেন্টারে অভিযান পরিচালনা করে, ভুয়া (এমবিবিএস) ডাক্তার সাইদুল ইসলামকে আটক করা হয়। কোনো কাগজপত্র যাচাই ছাড়া চর্ম ও যৌন বিভাগে তাকে নিয়োগ দেয় কর্তৃপক্ষ।
সাইদুল নিজেকে ভুয়া ডাক্তার হিসেবে স্বীকার করেন। তাকে এক বছরের সাজা ও ডায়াগনস্টিক সেন্টারকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।
একাত্তর/আরবিএস