চনপাড়া বস্তিতে দুই পক্ষের গোলাগুলি, দুইজন গুলিবিদ্ধ

নারায়ণগঞ্জের রূপগঞ্জের চনপাড়া বস্তিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গুলিবর্ষণের ঘটনায় দুইজন গুলিবিদ্ধ হয়েছে বলে জানা গেছে।

শুক্রবার দুপুরে বস্তির ৬ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এর আগে, গতরাতেই এখানে অভিযান চালিয়ে ধারালো অস্ত্রশস্ত্র উদ্ধার করে পুলিশ।

গুলিবিদ্ধ হয়েছেন বস্তির ৬ নং ওয়ার্ডের আজাহারের ছেলে মাসুদ (২১) ও বাদলের ছেলে বাবুল (২৫)।

দুইজন গুলিবিদ্ধ হবার ঘটনার সত্যতা স্বীকার করে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তন্ময় মণ্ডল জানান, দীর্ঘদিন ধরে চনপাড়ার জয়নাল গ্রুপের সাথে রায়হান গ্রুপের মধ্যে এলাকার অধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। দুপুরে রায়হান কয়েকজনকে নিয়ে জয়নালের এলাকার মধ্যে ঢুকে। এনিয়ে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে একপক্ষ আরেক পক্ষকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে।

ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুলিবিদ্ধ মাসুদ ও বাবুলকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

আরও পড়ুন: ভূমধ্যসাগরে নরসিংদীর যুবক নিহত, নিখোঁজ ১৩

এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি।


একাত্তর/জো