কার্টুন দেখানোর কথা বলে দুই শিশুকে ধর্ষণ, আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সদর উপজেলার পশ্চিম সৈয়দপুর এলাকায় দুই শিশু ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার অভিযুক্ত আসামি শিপন আহমেদকে সিলেট থেকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। 

মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন পিবিআই'র পুলিশ সুপার আল মামুন শিকদার।

তিনি জানান, ৮ ফেব্রুয়ারি বাদীর দুই মেয়ে শিশুকে বাসায় একা পেয়ে চকলেট ও টিভিতে কার্টুন দেখানোর প্রলোভন দেখিয়ে শিপন তার ঘরে তাদের ডেকে নিয়ে ধর্ষণ করে এবং এ কথা কাউকে জানালে হত্যা করে মাটিতে পুঁতে গুম করার হুমকি দেয়। 

পরে ওই শিশুরা শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তারা বিষয়টি মা-বাবাকে জানায়। এরপর পরিবারের লোকজন বিষয়টি স্থানীয়দের জানালে, তারা বিচার সালিশির আশ্বাস দিলেও আসামিকে পালিয়ে যেতে সহায়তা করে।

শেষ পর্যন্ত বিচার না পেয়ে ১০ মার্চ ওই শিশুদের বাবা বাদি হয়ে থানায় একটি ধর্ষণ মামলা করেন। 

এ পিবিআই কর্মকর্তা আরও জানান, প্রযুক্তির মাধ্যমে আসামিকে সিলেট থেকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করলে আসামি ঘটনার সত্যতা স্বীকার করে আদালতে জবানবন্দি দেয়।