কুমিল্লার চান্দিনায় একটি মাছবাহী ট্রাক উল্টে চারজন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।
মঙ্গলবার ভোর সাড়ে ৫ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বেলাশ্বরে আরএনআর ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ভোলা জেলার মনপুরা থানার রহমানপুর গ্রামের খোরশেদ হাওলাদার ছেলে মনির হোসেন (২৮), একই গ্রামের আবুল হোসেনের ছেলে হাবিবুর রহমান (৩২) ও হামিদ মিস্ত্রীর ছেলে আকতার হোসেন (৩৫)। তারা তিনজন মাছের ট্রাকের শ্রমিক।
এছাড়া নিহত রফিকুল ইসলাম (২৩) ট্রাক চালকের সহকারী। তার বাড়ি সাতক্ষীরা সদর উপজেলায়।

স্থানীয়দের বরাতে হাইওয়ে পুলিশ কর্মকর্তা ফারুক মোল্লা জানান, নোয়াখালী থেকে মাছ নিয়ে ঢাকায় যাবার পথে কুমিল্লার বেলাশ্বর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দিয়ে মাছবাহী ট্রাকটি উল্টে যায়।
এসময় ট্রাকের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন চারজন। তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতদের মরদেহ এলিয়টগঞ্জ পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাড়ির ইন-চার্জ (ইন্সপেক্টর) মনজুরুল আলম মোল্লা ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ ফাঁড়িতে নেয়া হয়েছে। নিহতদের একজন ট্রাক চালকের সহকারী, বাকি তিনজন মাছের ট্রাকের শ্রমিক। দুর্ঘটনার পর চালকদের পাওয়া যায়নি। এই ঘটনায় আইনগত পদক্ষেপ নিতে প্রক্রিয়া চলছে।
আত্মহত্যার হুমকি দিয়ে কেনা বাইকে প্রাণ গেলো দুই স্কুলছাত্রের