নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় অবস্থিত গাজী টায়ার্স কারখানার ভেতরে লুটপাট করার সময় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় তাদের গ্রেপ্তার করে যৌথ বাহিনী। তারা সবাই গাজী টায়ার্স কারখানার আশপাশের এলাকায় বসবাস করেন।
গ্রেপ্তাররা হলেন- ময়মনসিংহের বানিয়াচং থানাধীন ইসলামপুর মধ্যপাড়া এলাকার আব্দুল হামিদের ছেলে ফয়সাল (২৩), লালমনিরহাট সদর থানাধীন পশ্চিম আন্ডারি এলাকার তমিজউদ্দিনের ছেলে শুভ আজাদ (২৪), নেত্রকোনার পূর্বধলা থানাধীন বাদ্দার এলাকার জয়নাল আবেদীনের ছেলে রিপন (৩৫), একই থানাধীন মহিষবেড় এলাকার সাইফুল ইসলামের ছেলে নুর আলম (২১), কিশোরগঞ্জের মিঠামইন থানাধীন কাচ্চাইল এলাকার শামসুল হকের ছেলে ফারুক (৩২) এবং একই থানাধীন ডালাগাও এলাককর আয়নাল হকের ছেলে মোশারফ (১৯)।
রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, মঙ্গলবার সন্ধ্যায় কারখানার পেছন দিক দিয়ে একদল লুটেরা ভেতরে প্রবেশ করে লুটপাট করছে বলে পুলিশের কাছে সংবাদ আসে। সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা, রূপগঞ্জ থানা পুলিশ, সেনাবাহিনী যৌথভাবে অভিযান চালিয়ে কাখানার ভেতর থেকে বিভিন্ন মালামাল লুটপাট করার সময় ছয়জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
গত ৫ আগস্ট ছাত্রজনতার আন্দোলনের জেরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগের পর, দুর্বৃত্তরা নারায়ণগঞ্জ-১ আসনের সাবেক সাংসদ গোলাম দস্তগীর গাজীর মালিকানাধীন টায়ার্স কারখানায় লুটপাট করে আগুন জ্বালিয়ে দেয়। এরপর কারখানাটিতে আরও দুই দফা অগ্নিসংযোগের ঘটনা ঘটে। লুটপাট করতে এসে ১৭৬ জন নিখোঁজ রয়েছে বলে দাবি করেছেন নিখোঁজদের স্বজনরা।
এদিকে উপজেলা প্রশাসনের নির্দেশে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ১৩২ জনের একটি তালিকা করেন। ঘটনা তদন্তের জন্য ২৭ আগস্ট জেলা প্রশাসকের নির্দেশে ৮ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।