বরগুনায় ৩৫০ কেজি হরিণের মাংসসহ আটক এক

বরগুনার পাথরঘাটায় ৩৫০ কেজি বা প্রায় ৯ মণ হরিণের মাংস, তিনটি চামড়া ও একটি হরিণের মাথাসহ মো. ইব্রাহিম (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে কোস্ট গার্ড।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সালমান বিন শওকত।

এর আগে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দিনগত রাত ২টার দিকে উপজেলার দক্ষিণ চরদুয়ানী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বিশ্বাসবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন কালিয়ার খাল এলাকায় অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন পাথরঘাটার সদস্যরা ওই এলাকায় অভিযান চালান। এ সময় একটি কাঠের বোটে তল্লাশি চালিয়ে ৩৫০ কেজি হরিণের মাংস, তিনটি হরিণের চামড়া ও একটি হরিণের মাথা উদ্ধার করা হয়। এ ঘটনায় ইব্রাহিমকে আটক করা হয়। অভিযানে ব্যবহৃত কাঠের বোটটিও জব্দ করা হয়েছে।

কোস্ট গার্ড জানায়, জব্দ করা হরিণের মাংসের আনুমানিক মূল্য চার লাখ ২০ হাজার টাকা। তিনটি চামড়ার মূল্য তিন হাজার এবং হরিণের মাথার মূল্য এক হাজার টাকা। সব মিলিয়ে জব্দ করা হরিণের মাংস ও অঙ্গ-প্রত্যঙ্গের আনুমানিক মূল্য চার লাখ ২৪ হাজার টাকা।

কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সালমান বিন শওকত বলেন, আটক ইব্রাহিম এবং জব্দ করা হরিণের মাংস, চামড়া, মাথা ও কাঠের বোট পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পাথরঘাটা উপজেলা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, বন বিভাগের মাধ্যমে এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বনজ সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।