কাঞ্চন সেতু থেকে শীতলক্ষ্যায় ঝাঁপ, নিখোঁজ নারীকে খুঁজছে ডুবুরি দল

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীর ওপর নির্মিত কাঞ্চন সেতু থেকে নদীতে ঝাঁপ দিয়ে এক নারী নিখোঁজ হয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করলেও এখন পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ নারীর পরিচয়ও জানা যায়নি।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

ইছাপুরা নৌপুলিশ ইনচার্জ ইকরামুল হক জানান, দুপুর দেড়টার দিকে রূপগঞ্জের শীতলক্ষ্যা নদীর কাঞ্চন সেতুর ওপর থেকে অজ্ঞাত এক নারী নদীতে ঝাঁপ দেন। এরপর থেকেই তিনি নিখোঁজ রয়েছেন।

স্থানীয়রা বিষয়টি নৌপুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। সন্ধ্যা পর্যন্ত চেষ্টা চালিয়েও নিখোঁজ নারীর সন্ধান পাওয়া যায়নি।

এদিকে নদী থেকে একটি ব্যাগ উদ্ধার করা হয়েছে। ব্যাগের ভেতর কাপড় ও কিছু কসমেটিকস পাওয়া গেছে।

বৃহস্পতিবার সকাল থেকে আবারও উদ্ধার অভিযান শুরু হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।