অফিস কক্ষে বসে এক ব্যক্তির কাছ থেকে ঘুষ নিয়ে গণনার ভিডিও প্রকাশের পর পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার রাঙ্গাবালী ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা মো. আবদুস সোবাহানকে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রশাসন। একই সঙ্গে দেওয়া হয়েছে কারণ দর্শানোর নোটিশ।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে একাত্তরকে বিষয়টি নিশ্চিত করেন রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হাসান।
তিনি জানান, বুধবারের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে আবদুস সোবাহানকে। জবাব সন্তোষজনক না হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। ইতোমধ্যে তাকে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রশাসন।
আবদুস সোবাহানের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগের ভিডিও মঙ্গলবার একাত্তরের ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশের পাশাপাশি বিষয়টি নিয়ে লাইভ প্রচার করা হয়। পরে বুধবার সকাল ৭টা থেকে একাত্তর টেলিভিশনে ‘রাঙ্গাবালীতে ভূমি কর্মকর্তার ঘুষকাণ্ড’ শিরোনামে প্রতিবেদনটি প্রচারিত হয়।
এছাড়া একাত্তর অনলাইনে মঙ্গলবার ওপেন সিক্রেট 'ঘুষ': দরকষাকষি করেই টাকা নেন তহশিলদার সোবাহান' শিরোনাম সচিত্র প্রতিবেদন প্রকাশ হয়।
এর মধ্যেই জেলা প্রশাসনের কার্যালয় থেকে সাময়িক বরখাস্তের অফিস আদেশ জারি করা হয়।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীর সই করা আদেশে বলা হয়েছে, প্রকাশিত ভিডিওচিত্রে আবদুস সোবাহানকে অফিস কক্ষে এক ব্যক্তির কাছ থেকে অর্থ গ্রহণ করে গণনা করতে দেখা যায়। তার এ কর্মকাণ্ডে জেলা প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে উল্লেখ করে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
আদেশে আরও বলা হয়েছে, সুষ্ঠু তদন্তের স্বার্থে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। বরখাস্তকালীন বিধি অনুযায়ী তিনি খোরপোষ ভাতা পাবেন।
এর আগে নামজারির সরকারি ফির চেয়ে অতিরিক্ত অর্থ দাবির অভিযোগ ওঠে আবদুস সোবাহানের বিরুদ্ধে। এক ভুক্তভোগীর চারটি নামজারির জন্য ৭০ হাজার টাকা দাবি করে পরে ২০ হাজার টাকায় সমঝোতার অভিযোগ রয়েছে। এর মধ্যে অগ্রিম ১০ হাজার টাকা নেওয়ার ভিডিও প্রকাশ হয়।
এছাড়া বিএস রেকর্ড সংশোধনের কথা বলে একটি পরিবারের কাছ থেকে ২০ লাখ টাকা নেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন আবদুস সোবাহান।
ওপেন সিক্রেট ‘ঘুষ’: দরকষাকষি করেই টাকা নেন তহশিলদার সোবাহান
সরাইলে দুই নৃত্যশিল্পীকে সংঘবদ্ধ ধর্ষণ: সিলেটে একজন গ্রেপ্তার
বেনাপোল দিয়ে ভারত থেকে এলো সাড়ে তিন লাখ কেজি ইলিশ