বরগুনায় ভূমি নিরোধ আইনের মামলায় জামিন না পেয়ে আদালতে অশ্লীল মন্তব্য ও দায়িত্বরত পুলিশের ওপর হামলার ঘটনায় বশির মল্লিক নামে এক আসামিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বরগুনার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান এ দণ্ডাদেশ দেন। একই সঙ্গে তাকে এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

আদালত সূত্রে জানা যায়, বরগুনা সদর উপজেলার ছোট গৌরিচন্না এলাকার সেলিম মিয়া বাদী হয়ে ২০২৫ সালের ২১ মে বরগুনা সদর আমলি আদালতে ভূমি নিরোধ আইনে মামলা করেন। ওই মামলার আসামি একই এলাকার বশির মল্লিক অস্থায়ী জামিনে ছিলেন। বুধবার তার জামিনের আবেদন নামঞ্জুর করে আদালত।
এতে ক্ষিপ্ত হয়ে বশির আদালতে বিচারককে উদ্দেশ্য করে অশ্লীল ভাষায় মন্তব্য করতে থাকেন। আইনজীবীরা তাকে শান্ত করার চেষ্টা করলেও তিনি থামেননি।
একপর্যায়ে পুলিশ তাকে হ্যান্ডকাফ পরাতে গেলে দায়িত্বরত এক পুলিশ সদস্যের ওপর হামলা চালিয়ে মারধর করেন তিনি।
পরে আদালত দণ্ডবিধির ১৮৬ ও ৩২৩ ধারায় নতুন মামলা আমলে নিয়ে তাৎক্ষণিক সাক্ষ্যগ্রহণ করে। সাক্ষ্যগ্রহণ শেষে আদালত বশির মল্লিককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়। একই সঙ্গে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
পাবনায় নিখোঁজের সাত দিন পর শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার
একাত্তরের প্রতিবেদনের পর ঘুষকাণ্ডে সেই তহশিলদার সাময়িক বরখাস্ত