আচরণবিধি লঙ্ঘন করায় আমতলী পৌরসভার মেয়র মতিয়ার রহমানের বিরুদ্ধে মামলা করেছেন আমতলী উপজেলা নির্বাচন কর্মকর্তা সেলিম রেজা।
শুক্রবার আমতলী থানায় এ মামলা করা হয়। আসামি মতিয়ার উপজেলা আওয়ামী লীগের সভাপতি।
এর আগে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তার বিরুদ্ধে মামলার নির্দেশ দেয় নির্বাচন কমিশন (ইসি)।
সদর, আমতলী ও তালতলী নিয়ে গঠিত বরগুনা-১ আসনে নৌকার প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর পক্ষে নির্বাচন করছেন মতিয়ার।
তারা বিরুদ্ধে অভিযোগ, গত ২০ ডিসেম্বর যুবলীগের বর্ধিত সভায় কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী গোলাম ছরোয়ার ফোরকানের উদ্দেশে বিভিন্ন কটূক্তিমূলক বক্তব্য দেন এবং সাধারণ ভোটারদের হুমকি ও ভয়ভীতি দেখান।
ওই ঘটনায় আচরণবিধি লঙ্ঘন করা হয়েছে উল্লেখ করে মতিয়ার রহমান বিরুদ্ধে ইসিতে প্রতিবেদন পাঠান নির্বাচনী অনুসন্ধান কমিটি। প্রতিবেদনের ভিত্তিতে মতিয়ারের বিরুদ্ধে মামলার আদেশ দেয় নির্বাচন কমিশন।