সোনারগাঁওয়ে ৩ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে তিন হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। বুধবার উপজেলার পিরোজপুর ও রতনপুর গ্রামে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসব অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। 

এ সময় ছয় কিলোমিটার এলাকার অবৈধ গ্যাসের পাইপ ও রাইজার রেগুলেটর জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আর্নিকা আক্তার।

তিতাস গ্যাসের মেঘনাঘাট অঞ্চলের ব্যবস্থাপক মো. মনিরুজ্জামান বলেন, উপজেলার পিরোজপুর ও রতনপুর গ্রামের বাসাবাড়িতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে রান্নার কাজ চালিয়ে আসছে লোকজন। অবৈধ গ্যাস সংযোগের ফলে এ এলাকার বাসিন্দারা সরকারকে কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়েছেন এতদিন।