কিছু বড়লোক ও বড় সুশীল দেশ বেচে খায়: শামীম ওসমান

নারায়ণগঞ্জ -৪ আসনে আওয়ামীলীগের প্রার্থী একেএম শামীম ওসমান বলেছেন, এদেশের সাধারণ মানুষ নয়, কিছু বড়লোক, বড় বড় কিছু সুশীল দেশ বিক্রি করে খায়।  

শনিবার বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লার কায়েমপুর, তল্লাসহ বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারকালে তিনি এসব কথা বলেন।

এসময় শামীম ওসমান বলেন, মানুষের কাছে মিডিয়া হচ্ছে সেকেন্ড পার্লামেন্ট। আমি যা খুলে বলতে পারি না, মিডিয়া তা পারে।

তিনি বলেন, নিশ্চিত থাকেন- মানুষ সকালে নাশতা না খেয়েই ভোট দিতে আসবে। 

সাংবাদিকদের প্রশ্নে জবাবে আওয়ামী লীগ নেতা ও নাসিক মেয়র আইভী প্রসঙ্গে শামীম ওসমান বলেন, এখন হয়তো নামে নাই সামনে হয়তো নামবে! আমাদের লিস্টেড কর্মী আাছে এক লাখের ওপর। যদি তারা ও তাদের পরিবার ভোট দেয় তাও আমি সাড়ে তিন লাখ ভোট পেয়ে যাবো।

শামীম ওসমান বলেন, এর আগে নিষিদ্ধ পল্লী উচ্ছেদ করেছিলাম। এবার আল্লাহ রাব্বুল আলামীনকে খুশি করতে চাই। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, ইভটিজিং মুক্ত করতে চাই। 

তিনি বলেন, আমি মানুষের জন্য আরও কাজ করতে চাই, যাতে মৃত্যুর পরও তারা আমাকে মনে রাখে।