সোনারগাঁয়ে তিন হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় অভিযান চালিয়ে তিন হাজার অবৈধ আবাসিক ও একটি চুন কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। বুধবার উপজেলার পৌর এলাকা ও পাঁচটি গ্রামে এ অভিযান চলে।

বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার দড়িকান্দী এলাকায় চালিয়ে সোনাখালী, কানাইনগর, নয়ানগর, বালুয়াকান্দীসহ পাঁচটি গ্রামের অবৈধ আবাসিক ও অর্জুন্দী গ্রামের একটি চুন কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এসময় এসব গ্যাস সংযোগে ব্যবহৃত পাইপ ও রাইজার জব্দ করা হয়।

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া ইয়াসমিন।

তিতাস গ্যাস মেঘনাঘাট অঞ্চলের ব্যবস্থাপক মনিরুজ্জামান জানান, সোনারগাঁয়ের দড়িকান্দী এলাকায় সোনাখালী, নয়ানগর, কানাইনগরসহ কয়েকটি গ্রামে অবৈধ গ্যাস সংযোগ নিয়ে দীর্ঘদিন ধরে রান্নার কাজ চালিয়ে আসছিল লোকজন। অভিযান চালিয়ে চার কিলোমিটার এলাকার পাঁচটি গ্রামের অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এছাড়াও পৌর এলাকার একটি চুন কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

এসময় তিতাস গ্যাস সোনারগাঁ বিপণন কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক সুরুজ আলম, প্রকৌশলী তৌফিকুর রহমান, জহিরুল ইসলামসহ বিপুল সংখ্যক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন বলেও জানান তিনি।