নারায়ণগঞ্জের রূপগঞ্জের গাউছিয়া কাঁচাবাজারে শনিবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মার্কেটের ভিতরে থাকা ছোট বড় কমপক্ষে দেড় শতাধিক দোকানপাট পুড়ে ছাঁই হয়ে গেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে পুড়ে প্রায় শত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। তবে দেশের সর্ববৃহৎ পাইকারি কাপড়ের বাজার গাউছিয়া মার্কেটসহ বড় বড় বিপণী বিতান, শিল্পকারখানা থাকা সত্ত্বেও এ এলাকায় একটি ফায়ার ষ্টেশন না থাকায় এখানে প্রায় সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ ব্যবসায়ী ও স্থানীয় জনপ্রতিনিধিদের।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীরা জানান, গাউছিয়া কাঁচাবাজারে প্রায় দেড় শতাধিক বিভিন্ন ধরনের দোকান রয়েছে। এর মধ্যে হার্ডওয়্যার, টিনের দোকান, চাউলের গোডাউন, মোবাইল, ঔষধের দোকান, ছোট ছোট কাঁচামালের দোকান ও খাবারের দোকান রয়েছে। সামনে ঈদকে কেন্দ্র করে প্রায় সকল দোকানগুলোতে দোকানদারা তুলেছেন বিভিন্ন মালামাল।
গতরাত সোয়া তিনটার দিকে হঠাৎ মার্কেটের একটি দোকানে আগুন লাগে। অল্প কিছুক্ষণের মধ্যে আগুন পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে। সাথে সাথে স্থানীয় ফাঁড়ির পুলিশ তাদের কন্ট্রোল রুমে বার্তা দেন ও ফায়ার সার্ভিসকে জানান। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পুরো মার্কেটের ছোট বড় সব দোকান পুড়ে যায়।
সড়কে টহলরত ভুলতা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) উত্তম জানিয়েছেন, রাতে বৃষ্টির পর হঠাৎ মার্কেটের ওপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারে আগুন জ্বলতে দেখেন। এরপর তারা মার্কেটে আগুন ছড়িয়ে পড়তে দেখতে পান।
এদিকে, মার্কেটের বিভিন্ন দোকানদারা আগুনে তাদের দোকানপাট পুড়ে গেছে দেখে কান্নায় ভেঙ্গে পড়েন। এ আগুনে সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন অনেকে।
এখানে স্থায়ীভাবে একটি ফায়ার সার্ভিস ষ্টেশন থাকলে এমন ক্ষতি হতো না বলে দাবি করেছেন অনেকে। আগুনে কমপক্ষে শত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন দোকানদার ও ব্যবসায়ীরা।
এ ব্যাপারে গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান তুহিন বলেন, গাউছিয়া এলাকাটি একটি বাণিজ্যিক এলাকায়। এখানে দেশের সর্ববৃহৎ পাইকারি মার্কেট অবস্থিত। গত তিনদিনে এখানে তিনটি অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এখানে স্থায়ীভাবে একটি ফায়ার ষ্টেশন থাকলে আগুনে অন্তত ক্ষয়ক্ষতির পরিমাণটা অনেকটা কম হতো। তিনি এ এলাকায় একটি ফায়ার ষ্টেশন স্থাপনের দাবি জানান।
ফায়ার সার্ভিসের উপ-পরিচালক সালেহউদ্দিন আহমেদ জানান, ডেমরা, আড়াইহাজার, কাঞ্চন ও আদমজী ও পূর্বাচল ষ্টেশনের ১০টি ইউনিটের দুই ঘন্টার চেষ্টায় সকাল ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। কিভাবে আগুন লেগেছে, সে ব্যাপারে একটি তদন্ত কমিটি করা হবে। তদন্ত শেষে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।