সিদ্ধিরগঞ্জে পাঁচতলার ওপর হেলে পড়েছে সাততলা ভবন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি পাঁচতলা ভবনের ওপর হেলে পড়েছে পাশের সাততলা ভবন। এতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় আছে এলাকার লোকজন। কিন্তু, খবর পেয়ে প্রশাসনের একাধিক সংস্থা ভবনটি দেখে গেলেও প্রয়োজনীয় কোনো ব্যবস্থা নেয়নি।

সরেজমিনে দেখা যায়, সিদ্ধিরগঞ্জের হীরাঝিল আবাসিক এলাকায় বিশ্বাস মঞ্জিল নামের সাততলা ভবনটি হেলে পড়েছে চৌধুরী ভিলা নামের পাঁচতলা আরেক ভবনের উপর।

এরই মধ্যে দুর্ঘটনার আশঙ্কায় বিশ্বাস মঞ্জিলের কয়েকজন ভাড়াটিয়া চলে গেছেন। হেলে পড়া ভবন দেখতে প্রতিদিনই ভিড় করছেন এলাকাবাসী। বড় ধরণের দুর্ঘটনার আতঙ্কেও আছেন তারা।

leaned_building

চৌধুরী ভিলার মালিক ফেরদাউস চৌধুরী জানান, তার বাড়ির ওপর হেলে পাশের বিশ্বাস মঞ্জিল হেলে পড়ে তার ভবনের পঞ্চম তলা ফেটে গেছে। বড় দুর্ঘটনার ঝুঁকি থেকে মুক্তি চান ও ক্ষতিপূরণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

যুক্তরাষ্ট্র প্রবাসী অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মহিউদ্দিন বিশ্বাসের এ বাড়ি বিশ্বাস মঞ্জিলের কেয়ারটেকার লিটন মিয়া। তিনি জানান, দুই-তিনদিন যাবৎ দেখেছেন বাড়িটি হেলে গেছে। ফায়ার সার্ভিসের লোকজন এসে পরিদর্শন করে গেছে। তারা এখনও কোনো নির্দেশনা দেননি। বাড়িওয়ালাকে জানানোর পর বাড়ি খালি করার কথা জানিয়েছেন। কিছু ভাড়াটিয়া চলে গেছে, বাকিরাও চলে যাবে।

building_inspection

বিশ্বাস মঞ্জিলের মালিকের ভাগ্নে সোয়েব হোসেন শামীম জানান, বিল্ডিংটা চোখের দেখায় মনে হচ্ছে সামান্য হেলে গেছে। ফায়ার সার্ভিস ও রাজউকের লোকজন পরিদর্শন করেছেন। তারা যা সিদ্ধান্ত দেবেন, সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

দুর্ঘটনার আশঙ্কা স্বীকার করে ফায়ার সার্ভিস ও ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক ফখরউদ্দিন আহাম্মদ জানান, খবর পেয়ে ভবন দুইটি পরিদর্শন করা হয়েছে। ভবন দুইটির নিচে যতটা গ্যাপ আছে, পাঁচতলায় অনেকটা ক্লোজ। সেখানে কিছু অংশে ফাটল দেখা দিয়েছে।

দুর্ঘটনা ঘটলে দুইটি বিল্ডিংই ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে জানিয়ে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করবে বলেও জানান তিনি। 

তবে, গড়িমসি না করে দ্রুত কার্যকর ব্যবস্থা নিয়ে ভবন দুইটিকে দুর্ঘটনার ঝুঁকিমুক্ত করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।