সিরাজগঞ্জে মুরগীবাহী কাভার্ডভ্যানে আগুন

বিএনপি-জামায়াতের ডাকা দশম দফার অবরোধের প্রথম দিন রাতে পাবনা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের শাহজাদপুরে একটি মুরগীর বাচ্চাবাহী কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে গাড়িতে থাকা প্রায় সাত হাজার মুরগীর বাচ্চা মারা গেছে।

বুধবার রাত দশটার দিকে মহাসড়কের টেটিয়ারকান্দা এলাকার দুর্গাদহ গ্যাস ফিলিং স্টেশনের সামনের ওই অগ্নিকাণ্ডের ঘটনায় গাড়ির চালক ও সহকারী আহত হয়েছেন।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার জানান, একটি মুরগীর বাচ্চাবাহী পিকআপ মাওনা থেকে পাবনার যাবার পথে দুর্বৃত্তরা মশাল নিয়ে গাড়ির গতিরোধ করে। এসময় গাড়িতে গতি কমা মাত্রই তারা আগুন দিয়ে পালিয়ে যায়। সংবাদ পেয়ে ফায়ারসার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

গত ২৮ অক্টোবর রাজধানীর নয়া পল্টনে সরকার পতনের একদফা দাবিতে মহাসমাবেশ ডাকে বিএনপি। সমাবেশ শুরুর আগেই পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় দলটির নেতা–কর্মীরা। এতে এক পুলিশ সদস্য নিহত হন। আহত হন অনেকে। কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবন ও রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালেও হামলা হয়।

এ ছাড়া আক্রান্ত হন সমাবেশের সংবাদ সংগ্রহ করতে যাওয়া বেশ কয়েকজন গণমাধ্যমকর্মী। ভাঙচুর করা হয় গণমাধ্যমের কয়েকটি গাড়ি ও মোটরসাইকেল।

২৮ অক্টোবরের সহিংসতার পর থেকে প্রায় ধারাবাহিকভাবে হরতাল–অবরোধ কর্মসূচি পালন করে আসছে বিএনপি। কর্মসূচি ঘোষণা হলেও দলটির কেন্দ্রীয় নেতাদের প্রকাশ্যে তেমন একটা দেখা যায়নি। হরতাল অবরোধের কর্মসূচির ঘোষণাও এসেছে ভার্চুয়াল প্ল্যাটফর্ম ব্যবহার করে।

বিএনপির হরতাল–অবরোধ কর্মসূচিগুলোও ছিল সহিংস। গত ২৮ অক্টবরের পর রাজধানীসহ সারা দেশে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে।