রাজধানীর মহাখালীর রয়েল ফিলিং স্টেশনে আগুনের ঘটনায় আটজন দগ্ধ হয়েছে। দগ্ধদের মধ্যে চারজন ওই ফিলিং স্টেশনের কর্মী।
সিলিন্ডার বিস্ফোরণে ওই আগুন লাগে বলে জানিয়েছে পুলিশ। রয়েল ফিলিং স্টেশনের পাশের বি এন ফিলিং স্টেশনের কয়েকজন কর্মচারীও দগ্ধ হন বলে জানিয়েছেন উদ্ধারকারীরা।
দগ্ধরা হলেন, সালাউদ্দিন (৩৮), মোহাম্মদ মামুন (৩০), মাসুম (২৫), আমির হোসেন (৩২), রানা (৩০), কামাল হোসেন (৫০), জীবন (২১) এবং খায়ের গাজী (৪৪) । এদের সবার অবস্থা গুরুতর।
অগ্নিকাণ্ডে দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে
ফিলিং স্টেশনের একটি কক্ষে থাকা গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে অফিস কক্ষে আগুন লাগে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, বুধবার রাত আটটার দিকে আগুন লাগার খবরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট রওনা হয়। তবে যানজটের কারণে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি তারা। ইউনিট দুইটি ঘটনাস্থলে পৌঁছাতে সাড়ে আটটা বেজে যায়। রাত পৌনে ৯টার দিকে আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হন তারা।
শিল্পাঞ্চল থানার পরিদর্শক (তদন্ত) দুলাল হোসেন জানান, ফিলিং স্টেশনের একটি কক্ষে থাকা গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে অফিস কক্ষে আগুন লেগে যায়। সিলিন্ডারে ত্রুটি থাকায় এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে।
দগ্ধ শ্রমিকদের চিকিৎসা শুরু হয়েছে বলে জানিয়েছেন, শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা তরিকুল ইসলাম।
তিনি বলেন, মহাখালী ফিলিং স্টেশনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আটজন আমাদের জরুরি বিভাগে এসেছেন। তাদের চিকিৎসা চলছে। এই আটজনের প্রত্যেকের অবস্থা বেশ গুরুতর। এরমধ্যে ৬৫, ৬০, ৩৫ শতাংশ পুড়ে গেছে এমন রোগী যেমন আছে তেমনি ১৫, ৮, ৫ শতাংশ পুড়ে এমন রোগীও আছেন।
তিনি আরও বলেন, সবারই শ্বাসনালী যেহেতু দগ্ধ সেকারণে কাউকে শঙ্কামুক্ত বলতে পারছি না। সবারই জীবনের শঙ্কা রয়েছে। প্রাথমিক চিকিৎসা তাদের দেওয়া হয়েছে। এখন রোগীর অবস্থা বুঝে বিভিন্ন জায়গায় পাঠানো হয়েছে।
রয়েল ফিলিং স্টেশনে কর্মচারী কামরুল হাসান বলেন, তিন দিন ধরে স্টেশনের গ্যাসের লাইনের কাজ চলছিলো। আজ টেস্টিং করার সময়ে আগুনের ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। সেখানে আমাদের ফিলিং স্টেশনের চার জনসহ মোট আট জন দগ্ধ হয়।
উত্তর বাড্ডায় বৈশাখীর বাসে আগুন