রাত ১০টার মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ক্যাম্পাস ও ছাত্রাবাস ত্যাগের নির্দেশ দিয়েছে প্রশাসন।
এছাড়া আগামী একমাস ইনস্টিটিউটের যাবতীয় ক্লাস-পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আর এ সময় ইনস্টিটিউট সংস্কারের কাজ করবে প্রশাসন।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বিকেলে জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রোক্টর মো ইয়াকুব জানান, এক মাস বন্ধে ইনস্টিটিউটের শিক্ষকরা অনলাইনে ক্লাস নেবেন। পাশাপাশি সিন্ডিকেট রাত ১০টার মধ্যে শিক্ষার্থীদের চারুকলা ক্যাম্পাস ত্যাগের নির্দেশ দিয়েছে। আন্দোলনকারী শিক্ষার্থীরা ইন্সটিটিউটের ভবন সংস্কারের জন্য ইঞ্জিনিয়ার ও কর্মীদের ক্যাম্পাসে ঢুকতে না দেওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান প্রোক্টর।
এদিকে, আন্দোলনকারী শিক্ষার্থীরা বৃহস্পতিবারের মধ্যে মূল ক্যাম্পাসে ফিরিয়ে নেওয়ার জন্য তাদের সাথে শিক্ষকরা না বসলে রোববার থেকে আমরণ অনশনের ঘোষণা দেয়। যদিও শিক্ষার্থীদের আরেকটি অংশ মূল ক্যাম্পাসে ফিরিয়ে নেওয়ার এক দফায় না গিয়ে ইন্সটিটিউট সংস্কারের জন্য প্রশাসনকে সময় দেওয়া ও ক্লাসে ফিরে যেতে আগ্রহী।
আরও পড়ুন: সাজা শেষে ভারত থেকে ফিরলেন ৯ বাংলাদেশি নারী
উল্লেখ্য, ২ নভেম্বর থেকে চারুকলা ইনস্টিটিউটের ভবন ও হল সংস্কার, ক্যান্টিন চালুসহ ২২ দফা দাবিতে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। পরে তা মূল ক্যাম্পাসে ফেরার এক দফা দাবির আন্দোলনে পরিণত হয়।
একাত্তর/জো