দুধে ধোয়া তুলসী পাতা নয় আরিয়ানকে গ্রেপ্তার করা অফিসার

শাহরুখ-পুত্র আরিয়ান খানকে গ্রেপ্তার করা সমীর বানখেড়েকে নিয়ে একের পর এক বিস্ফোরক অভিযোগ করে চলেছেন ন্যাশনাল কংগ্রেস পার্টির নেতা ও মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক। এবার রীতিমতো সাক্ষী-প্রমাণ হাতে নিয়ে বানখেড়ের ধর্ম পরিচয়ের দিকেই প্রশ্ন তুলেছেন এই নেতা।

আজ বুধবার (২৭ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে সমীর ও তার প্রথম স্ত্রীর একটি ছবি শেয়ার করেছেন নবাব মালিক। তারপর করা কয়েকটি টুইটে মুসলিম ধর্মমতে বানখেড়ের বিয়ের দলিল ও বানখেড়ের অনৈতিক কর্মকাণ্ড প্রকাশের বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন এই মন্ত্রী।

বানখেড়ের ধর্ম নিয়ে আপত্তি নেই উল্লেখ করে নবাব মালিক জানান, মিথ্যে তথ্য দিয়ে গোয়েন্দা সংস্থায় চাকরি নিতে মোটেই দ্বিধাবোধ করেননি বানখেড়ে। এ সময় বানখেড়কে অসৎ ব্যক্তি উল্লেখ করে চাকরির প্রয়োজনে খাতা-কলমে নিজের ধর্ম কিংবা জাতি বদলে ফেলার বিষয়টি তুলে ধরেন এই নেতা।

এনসিবির রেকর্ডে সমীরের বাবার নাম জ্ঞানদেব বানখেড়ে লেখা থাকলেও আসলে তার নাম দাউদ হবারও দাবি করেন নবাব মালিক। তখন বানখেড়ের বাবা এই দাবি অস্বীকার করলেও নবাবের সর্বশেষ টুইটের পর তাদের প্রতিক্রিয়া জানা যায়নি।

আরও পড়ুন: শাহরুখপুত্রকে গ্রেপ্তার করা অফিসার এখন নিজেই বিপদে

প্রসঙ্গত, নয় মাস আগে নবাব মালিকের জামাতা সমীর খানকে গ্রেপ্তার করেছিলেন এই এনসিবি কর্মকর্তা। আরিয়ান খানের ঘটনার পর থেকে সক্রিয়ভাবে বানখেড়ের বিরুদ্ধে সোচ্চার হন তিনি। তদন্তে অনিয়ম, নির্দোষ ব্যক্তিকে অকারণ হেনস্তার মতো একের পর এক অভিযোগ আনতে শুরু করেন নবাব। শুধু অভিযোগেই ক্ষান্ত হননি তিনি। কখনো ২৬টি অনিয়মের বিবরণ দেওয়া চিঠি, কখনো ধর্ম-সংক্রান্ত অভিযোগ প্রমাণসমেত তুলে ধরছেন সামাজিক মাধ্যমে।

নবাবের অভিযোগের পাশাপাশি ২৫ কোটি টাকার ঘুষ কেলঙ্কারিতে জড়িত থাকার অভিযোগও উঠেছে বানখেড়ের বিরুদ্ধে। মুম্বাইয়ের মাদক মামলার অন্যতম সাক্ষী প্রভাকর সইল একটি হলফনামা প্রকাশ করে  জানান, আরিয়ানকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য শাহরুখ খানের ম্যানেজার এবং বেসরকারি গোয়েন্দা কিরণ গোসাভির মধ্যে হওয়া গোপন চুক্তিতে সমীরের নাম শুনেছিলেন। প্রভাকরের ওই অভিযোগের পরই সমীরের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে এনসিবি।

একাত্তর/টিএ