‘গাঙ্গুবাই’ বলছেন জীবনের কথা, প্রশংসায় ভাসছে আলিয়া

জনপ্রিয়তার তুঙ্গে যখন ভারতীয় সিনেমা, তখন সিনেমা কারিগরদের চ্যালেঞ্জটাও বেশ কঠিন। একটা সিনেমা বদলে দিতে পারে অনেক কিছু। পাল্টে ফেলতে পারে মানুষের চিন্তা, জীবনের চলাচল। 

আর বদলাবেই না বা কেন, সিনেমা যদি জীবনের কথা বলে, মনের কথা বলে, মানুষের কথা বলে তাহলে সিনেমাও একটা জীবন হয়ে উঠতে পারে। ঠিক তেমনি এবার ভারতীয় সিনেমায় জায়গা করে নিয়েছে ‘গাঙ্গুবাই’।


বলতে গেলে সঞ্জয় লীলা বনসালির গাঙ্গুবাই। এই সিনেমা কারিগর কখনোই হয়তো ‘হ্যাপি এন্ডিং’ পছন্দ করেননা। আর তাইতো তার সিনেমায় সম্পর্কের চড়াই উৎরাই, রাগ, আক্রোশ, বার বার ভেঙে যেতে যেতে মুষড়ে পড়া মানুষ, ক্ষোভে দিগ্বিদিক মানুষ, প্রেমে পাগল হয়ে যাওয়া চরিত্রদের নিজের সিনেমায় নিজের মতো করে সাজিয়ে তোলেন প্রত্যেকটা চরিত্রকে। 

আর ঠিক গাঙ্গুবাই তার এক বড় উদাহরণ। আর এই গাঙ্গুবাইয়ের আলোচনার মধ্যমণিতে যিনি এখন আছেন তিনি আলিয়া ভাট। সবার প্রিয় আলিয়া ভাট। এই সিনেমায় অভিনয় দক্ষতা আর পুরুষকেন্দ্রিক রাজত্বে ব্যতিক্রম অভিনয় দিয়ে আলোচনার শীর্ষে এখন আলিয়া ভাট।   


সাদা শাড়ি। লম্বা বেণিতে এক গুচ্ছ সাদা ফুল, কানে ভারী দুল, আলিয়া যেন জানিয়ে দিয়েছে ফাগুনের তপ্ত দুপুরকে কিভাবে স্নিগ্ধ করে তুলতে হয়। আলিয়ার পরনে কখনো সাদা জামদানি, শিফন অথবা সিল্কের শাড়ি। মূলত গাঙ্গুবাই কাঠিয়াবাড়ির কারণেই এই সাজ। 

৭০ দশকে মুম্বাইয়ের অখ্যাত কামাতিপুরার যৌনকর্মী 'গাঙ্গুবাই'। তারই রুপ ধরেছেন আলিয়া ভাট। এই গাঙ্গুবাই সিনেমায় দেখা যাবে, একজন নারী কখনো 'মাফিয়া কুইন' এবং কখনো 'লেডি ডন'। 

লেখক হুসেন জাইদির বই 'মাফিয়া কুইন্স অব মুম্বাই'-এর একটি অধ্যায়ের ওপর ভিত্তি করেই নির্মিত এই সিনেমাটি কথা বলবে জীবনের। মুম্বাইয়ের কামাথিপুরায় একটি পতিতালয়ের সর্দার গাঙ্গুবাইকে ঘিরেই গল্প। 


বাস্তব ঘটনা নিয়েই পরিচালক সঞ্জয় লীলা তৈরি করেছেন এই সিনেমা। এতে দেখা যাবে আসল গাঙ্গুবাইয়ের প্রেম, বিশ্বাসঘাতকতা, উত্তরাধিকার ও পতিতালয়ের কুটিল রাজনীতি। 

একজন যৌনকর্মীর সমাজকর্মী হয়ে ওঠার গল্প, একজন প্রেমিকা হবার গল্প এবং জীবন যুদ্ধে হার বা জিতের গল্প। 

আর তাইতো রেট্রো কামাথিপুরার ঘোলাটে পতিতালয়ে সাদা শাড়িতে গাঙ্গু বলে দিয়েছে, ‘কেহতে হ্যায় কামাথিপুরা মে কভি আমাবাস কি রাত নেহি হোতি। কিঁউকি ওয়াহা গাঙ্গু রেহতি হ্যায়! অউর গাঙ্গু চাঁদ থি অউর চাঁদ রহেগি’। 



একাত্তর/ এনএ