অস্কার অ্যাকাডেমি থেকে উইল স্মিথের পদত্যাগ

অস্কারের মঞ্চে সঞ্চালককে চড় মারার ঘটনার জেরে অস্কার অ্যাকাডেমি থেকে পদত্যাগ করেছেন হলিউড অভিনেতা উইল স্মিথ। 

শুক্রবার (১ এপ্রিল) এক বিবৃতিতে পদত্যাগের কথা জানিয়ে তিনি বলেন, '৯৪তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে আমার কর্মকাণ্ড ছিল আশ্চর্যজনক, ব্যাথাদায়ক এবং ক্ষমার অযোগ্য'। 

তার পদত্যাগপত্র গ্রহণ করে অ্যাকাডেমি জানিয়েছে, শৃঙ্খলাভঙ্গের বিষয়ে ব্যবস্থা নিতে যে কার্যক্রম শুরু করেছে, তা চালিয়ে যাবে।

এদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক ম্যাগাজিন ফোর্বস জানিয়েছে, পদত্যাগ করলেও উইল স্মিথকে তার প্রাপ্ত পুরস্কার ফেরত দিতে হবে না। তিনি ভবিষ্যতে পুরস্কারের জন্য মনোয়ন পাবেন, অনুষ্ঠানে আমন্ত্রণও পেতে পারেন।

গত রোববার রাতে অস্কারের পুরস্কার বিতরণী চলার সময় উইল স্মিথের স্ত্রী পিঙ্কেট স্মিথের মাথার চুল নিয়ে রসিকতা করেন কমেডিয়ান ক্রিস রক। 

২০১৮ সালে অ্যালোপিশিয়া রোগে আক্রান্ত হওয়ার পর চুল ঝরে যায় অভিনেত্রী পিঙ্কেট স্মিথের। স্ত্রীর অসুস্থতা নিয়ে এমন রসিকতা সইতে পারেননি স্বামী উইল স্মিথ। হঠাৎ করে তিনি মঞ্চে উঠে থাপ্পড় বসান ক্রিসের গালে। 

এ ঘটনার কিছুক্ষণ পরই সেরা অভিনেতার পুরষ্কার জেতেন উইল স্মিথ। পুরষ্কার গ্রহণ করার সময় নিজের আচরণের জন্য ক্রিস রকের কাছে ক্ষমা প্রার্থনা করেন তিনি।   


একাত্তর/এসজে