আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবের পর্দা উঠলো

পর্দা উঠলো ১৬ তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবের। তিনদিন ব্যাপী এ উৎসবে দেখানো হবে ৩৯ টি দেশের ১০১ টি শিশুতোষ চলচ্চিত্র।

১৬তম ইন্টারন্যাশনাল চিলড্রেন ফিল্ম ফ্যাস্টিভালের উদ্বোধনী অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের মেধা বিকাশে শিশু চলচ্চিত্র উৎসবের মতো এমন আয়োজনের কোনো বিকল্প নেই।

মানবিক রাষ্ট্র গঠনে শিশুদের শিল্প চর্চার সুযোগ করে মনুষ্যত্ব গঠনে সাহায্যের আহ্বান জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেছেন, আমাদের শিশুরা অনেক মেধাবী। তারা চলচ্চিত্র বানায়, ছোট ছোট ছবি বানায়। এমন একটি চমৎকার আয়োজন এখানে শিশুরাও উপস্থাপক।

শিশুদের নিয়ে এমন আয়োজনে বড় বড় পৃষ্ঠপোষকদের এগিয়ে আসার আহ্বান জানান বিশিষ্ট জনরা।

ড. মুহাম্মদ জাফর ইকবাল বলেছেন, আমাদের দেশে যারা শিশু চলচ্চিত্র তৈরি করেন তারা তৈরি করার সময়েই ধরে নেন তারা হয়তো বাণিজ্যিকভাবে সফল হবেন না। তারপরেও তারা তৈরি করেন তাদের মনের তাগিদে। কাজেই আমি মনে করি শিশুদের এ চলচ্চিত্র তৈরি করার জন্য আমাদের পৃষ্ঠপোষকতা প্রয়োজন। যাতে প্রতিবছর শিশুদের জন্য অন্তত একটা চলচ্চিত্র তৈরি হয়।

চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম বলেছেন, আমরা কোথাও থেকে কোনো অর্থ পাইনি। সরকারি কোনো তহবিল আমরা পাইনি। এবং আমরা আশা করছি আগামী বছর হয়তো এ সংকট থাকবেনা। আগামী বছর মার্চে আমাদের প্ল্যান আছে আমরা বড় আকারে আবারও সপ্তাহব্যাপী উৎসবটা করতে পারবো।

৯ সেপ্টেম্বর শেষ হবে তিন দিনের এই শিশুতোষ উৎসব।