জয়া আহসান! দুই বাংলার চলচ্চিত্রে জনপ্রিয় মুখ। গুণের পাশাপশি তাঁর সৌন্দর্য্যও সমানভাবে দ্যুতি ছড়ায়। অনেকেই তাকে বলে বয়স চোরা। তার জন্মদিন এলেই ভক্তদের মধ্যে এমন চর্চা তুঙ্গে উঠে। তবে এ নিয়ে জয়ার কিছু যায় আসে না। বয়স তার কাছে শুধুই একটি নাম্বার।
কাজ নিয়েই থাকেন বরাবর ব্যস্ত। এবারের জন্মদিনে তিনি তার ভেরিফাইড পেইজে প্রকাশ করলেন তার সিনেমার টিজার। সামাজিক মাধ্যমে এই ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, চাঁদের কলঙ্ক কি পরিষ্কার হয়? জীবনের কলঙ্ক? সমাজের কলঙ্ক? উত্তর নিয়ে আসছে ‘ওসিডি’, এবার প্রাণপণে সরাবে জঞ্জাল!‘ তিনি যে কলঙ্কের কথা বলেছেন তা কি তার ভক্তরা বুঝে ওঠতে পারছেন?
তার এই স্ট্যাটাসের নিচে এরিমধ্যে জমে গেছে শত শত কমেন্ট আর জন্মদিনের শুভেচ্ছা। আরিফুল ইসলাম নামে তার এক ভক্ত লেখেছেন, শুভ কামনা রইলো, শুভ জন্মদিনে, সেই নব্বই দশক থেকে ভালো লাগা ভালোবাসার একজন জয়া আহসান। শাহ মুজিবুর রহমান লেখেছেন, অপুর্ব মাধুর্য ভরা আপনার চেহারা আপনি ঢালিউড সুপারস্টার অভিনেত্রী।
‘ওসিডি’ ছবিতে একজন মানসিক ভারসাম্যহীন চিকিৎসকের ভূমিকায় অভিনয় করেছেন জয়া আহসান। এরিই মধ্যে কয়েকটি চলচ্চিত্র উৎসবে ছবিটি প্রদর্শিত হয়েছে। প্রশংসাও কুড়িয়েছে। ভারতীয় পরিচালক সৌকর্য ঘোষাল তাঁর ছবিটি সম্পর্কে ধারণা দিতে ১৬ সেকেন্ডের একটি টিজারটি প্রকাশ্যে এনেছেন, যা জয়ার ফেসবুক ওয়ালে শোভা পাচ্ছে। ধরে নেয়া যেতে পারে টিজারটি জয়ার বার্থডে ট্রিট।
ওসিডি অর্থ অবসেসিভ কমপালসিভ ডিজঅর্ডার। এক ধরনের মাসনিক রোগ। পরিচালক সৌকর্য ঘোষাল জানান, সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জয়া। তাঁর চরিত্রের নাম শ্বেতা। তিনি ওসিডিতে ভুগছেন কি না, সেই দ্বন্দ্বের মধ্য দিয়েই এগিয়ে যাবে শ্বেতার চরিত্র। এটি মূলত সাইকোলজিক্যাল ড্রামা।
জয়া তার এই সিনেমা নিয়ে সম্প্রতি আর একটি পোস্টে লেখেন, আমাদের ছবি ওসিডি গেলো কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ভারতীয় প্রতিযোগিতা শাখায় মনোনীত হয়েছিল। তখন যারা ছবিটি দেখেছিলেন তাদের অনেকের মুগ্ধবোধ ও প্রশংসা কুড়িয়েছে, ছবিটি চলচ্চিত্র উৎসবের পরিসরে আদৃতও হয়েছিল। ওসিডি নিয়ে এর আগে এইভাবে কোন ছবি বাংলা ভাষায় হয়েছে কিনা আমার জানা নেই। দর্শকরা আরো ভাল বলতে পারবেন ছবিটি দেখার পর। তাদের মত আমিও ওসিডি ছবিটি পেক্ষাগৃহে দেখার জন্য অধীর অপেক্ষায় রয়েছি।
বেশ কিছু দিন আগে ছবির শুটিং শেষ হলেও, এখনো মুক্তির তারিখ জানা যায়নি। সবে মুক্তি পেলো টিজার। যা এখন জয়া আহসানের ফেসবুকে ওয়ালে শোভা পাচ্ছে। তবে, জন্মদিনে করা জয়ার এই পোস্টে সিনেমার আলাপের চেয়ে তাকে জন্মদিনের শুভেচ্ছাই জানিয়েছেন বেশিরভাগ ভক্ত ও শুভানুধ্যায়ীরা।