আবারও বলিপাড়ায় ঝড় তুলতে চলেছেন রুক্মিণী মৈত্র

বলিউডের খিলাড়ি কুমার অক্ষয় কুমারের পরবর্তী সায়েন্স ফিকশন সিনেমা ‘শামুক’ নিয়ে সিনেপ্রেমীদের উন্মাদনার শেষ নেই। এর মাঝেই গুঞ্জন রটেছিল, এই মেগা প্রজেক্টের একটি গুরুত্বপূর্ণ নারী চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী রুক্মিণী মৈত্রকে।

আর এবার সিনেমাটির প্রথম ঝলক তথা মোশন পোস্টার প্রকাশ্যে আসার পর সেই জল্পনা যেন আরও জোরালো হলো। সামাজিক মাধ্যমে এই পোস্টার শেয়ার করার পরই শুরু হয়েছে নতুন করে চর্চা।

Rukmini Maitra 02
প্রায় ৩০ সেকেন্ডের ওই রোমাঞ্চকর মোশন পোস্টারে যদিও সরাসরি রুক্মিণী মৈত্রীর দেখা মেলেনি, তবে আলো-আঁধারি এক অন্ধকার গুহার ভেতর বন্দুক হাতে অক্ষয় কুমারের ঝোড়ো উপস্থিতি রীতিমতো নজর কেড়েছে ভক্তদের। ঠিক তখনই স্ক্রিনে হঠাৎ ভেসে ওঠে একটি রহস্যময় হাত।

Rukmini Maitra 03
পোস্টারের সঙ্গে জুড়ে দেওয়া ট্যাগলাইন- ‘দ্য মিশন ইজ হিউম্যান। দ্য এনিমি ইজ নট।’ ছবিটির প্লট নিয়ে দর্শকদের কৌতূহল একলাফে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। কল্পবিজ্ঞাননির্ভর এই সিনেমাটিতে কেবল টিকে থাকার লড়াই বা সারভাইভাল নয়, থাকবে ভরপুর অ্যাকশন ও লোমহর্ষক মারপিটের দৃশ্য।

Rukmini Maitra 05
এর আগে ২০২১ সালে বিপুল শাহ প্রযোজিত ‘সনক’ সিনেমার হাত ধরেই বলিউডে অভিষেক হয়েছিল রুক্মিণী মৈত্রের। এবার একই প্রযোজনা সংস্থার নতুন এই সায়েন্স ফিকশন প্রজেক্টে অক্ষয় কুমারের বিপরীতে তাঁর অভিনয়ের গুঞ্জন টলিউড ও বলিপাড়ায় দারুণ আলোড়ন তুলেছে।

Rukmini Maitra 04
সানশাইন পিকচার্সের ব্যানারে নির্মিত হতে চলা এই সিনেমার প্রযোজক বিপুল শাহ এবং সহপ্রযোজক আশিন শাহ। সব মিলিয়ে, অক্ষয়ের সঙ্গে রুক্মিণীর এই সম্ভাব্য জুটি যে তাঁর কেরিয়ারে একটি নতুন ও বড় মাত্রা যোগ করতে চলেছে, তা বলার অপেক্ষা রাখে না।