দেশের ওটিটি কনটেন্টগুলোতে ভিন্নধর্মী কাজ দিয়ে বারবারই চমকে দিয়েছেন চঞ্চল চৌধুরী। এদিকে থ্রিলার ঘরানার একাধিক কাজ দিয়ে প্রশংসা কুড়িয়েছেন নির্মাতা ভিকি জাহেদ। চঞ্চল ও ভিকি- এই দুই গুণী শিল্পী প্রথমবার একসঙ্গে কাজ করেছেন হইচইয়ের সিরিজ ‘রুমি’তে। সিরিজটির ট্রেলার সোমবার মুক্তি পেয়েছে।
সিরিজে চঞ্চল চৌধুরীকে সিআইডি কর্মকর্তা রুমির চরিত্রে দেখা যাবে। দুর্ঘটনায় চোখ হারানো চঞ্চল অদ্ভুত সব স্বপ্ন দেখতে থাকেন। তার স্বপ্নের সূত্র ধরেই একটি হত্যা মামলা সমাধানে নামেন রুমি। সেই সূত্র মামলার সমাধান করবে, নাকি আরও জট পাকাবে? জানা যাবে সিরিজে।
ট্রেলারে দেখা যায়, এক দুর্ঘটনায় চঞ্চলের মায়ের মৃত্যু হয়। তখন সেটাকে দুর্ঘটনা বলা হয়েছিল। কিন্তু পরে সন্দেহ তৈরি হয়- সেটা কি নিছকই দুর্ঘটনা ছিল, নাকি হত্যাকাণ্ড?
হইচইয়ের ‘কারাগার’ সিরিজে ভিন্ন লুকে নজর কেড়েছিলেন চঞ্চল চৌধুরী। নতুন এ সিরিজে আবারও ভিন্ন লুকে হাজির হয়েছেন অভিনেতা। ইউটিউবে অনেক দর্শক মন্তব্য করেছেন, এবারও বাজিমাত করবেন চঞ্চল।
সিরিজে অন্যদের মধ্যে আরও দেখা গেছে- রিকিতা নন্দিনী শিমু, সজলসহ অনেকেই। ঈদ উপলক্ষে ১০ এপ্রিল হইচই-এ মুক্তি পাবে ‘রুমি’।