পাকিস্তানের প্রথম নেটফ্লিক্স অরিজিনাল সিরিজ ‘জো বাচে হ্যায় সাং সামেত লো’ ঘিরে বিতর্ক তৈরি হয়েছে ভারতে। সিরিজটি দেশটিতে প্রচার না করতে নেটফ্লিক্সকে বলেছে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। একই সঙ্গে সিরিজটি নিষিদ্ধ করার দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছে দেশটির চলচ্চিত্রসংশ্লিষ্ট সংগঠনগুলো।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানি সিরিজটির সম্ভাব্য ভারতীয় মুক্তি নিয়ে একাধিক অভিযোগ পাওয়ার পর নেটফ্লিক্সকে ২০২৫ সালের ৮ মে জারি করা সরকারি নির্দেশনা মেনে চলতে বলেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। ওই নির্দেশনায় দেশটিতে কার্যক্রম পরিচালনাকারী ওটিটি প্ল্যাটফর্মগুলোকে পাকিস্তানে তৈরি ওয়েব সিরিজ, চলচ্চিত্র, গান, পডকাস্টসহ বিভিন্ন ধরনের কনটেন্ট প্রচার বন্ধের কথা বলা হয়েছিল।
মন্ত্রণালয় নেটফ্লিক্সকে ২০২৫ সালের জুনে দেওয়া প্রতিশ্রুতির কথাও স্মরণ করিয়ে দিয়েছে। সে সময় প্রতিষ্ঠানটি ভারত সরকারকে জানিয়েছিল, পাকিস্তানে নির্মিত কোনো চলচ্চিত্র বা সিরিজ ভারতের গ্রাহকদের জন্য উন্মুক্ত রাখা হয়নি। এবারও সেই অবস্থান বজায় রাখতে বলেছে মন্ত্রণালয়।
এদিকে সিরিজটি ভারতে প্রচার বন্ধের দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছে অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (এআইসিডব্লিউএ) এবং ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (এফডব্লিউআইসিই)। সংগঠন দুটি মনে করে, সিরিজটি ভারতে প্রচারিত হলে তা সরকারের আগের নির্দেশনার পরিপন্থী হবে। পাশাপাশি পাকিস্তানি কনটেন্টের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা আরোপেরও দাবি জানিয়েছে তারা।
সিরিজটিতে অভিনয় করেছেন ফাওয়াদ খান, মাহিরা খান, সানাম সাঈদ, আহাদ রাজা মীর ও হানিয়া আমিরসহ পাকিস্তানের জনপ্রিয় কয়েকজন অভিনেতা। পাকিস্তানি লেখক ফারহাত ইশতিয়াকের একই নামের জনপ্রিয় উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে এটি।
সিরিজটির প্রথম পর্ব মুক্তির কথা রয়েছে চার ডিসেম্বর । এটি ভারতের দর্শকদের জন্য উন্মুক্ত করা হবে কি না, সে বিষয়ে এখনো স্পষ্ট করে কিছু জানায়নি নেটফ্লিক্স।
তথ্যসূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস