ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর এক সেনাসদস্য সীমান্ত পাড়ি দিয়ে প্রতিবেশী দেশ রোয়ান্ডাতে প্রবেশের পর সেই দেশের পুলিশের গুলিতে নিহত হয়েছেন।
শুক্রবার (১৮ জুন) সকালে কঙ্গোর ওই সৈন্য একটি একে-৪৭ বন্দুক নিয়ে রোয়ান্ডাতে প্রবেশ করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন। তার গুলিতে এক পুলিশ কর্মকর্তা আহত হন বলে জানিয়েছে রোয়ান্ডার সেনাবাহিনী।
এতে রোয়ান্ডার এক পুলিশ সদস্য পাল্টা গুলি চালালে কঙ্গোর সেই সৈন্য নিহত হন। ডিআর কঙ্গো কর্তৃপক্ষ এ ঘটনার সত্যতা নিশ্চিত করলেও তারা কোনো বিবরণ প্রকাশ করেনি।
এ ঘটনার পর স্থানীয় সময় বিকেল তিনটা থেকে ভোর ছয়টা পর্যন্ত রোয়ান্ডার সাথে সীমান্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ডিআর কঙ্গো।
আরও পড়ুন: গাঁজা পাচারের অভিযোগে রাশিয়াতে মার্কিনীর ১৪ বছরের জেল
বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, ওই সৈন্যের মরদেহ নিকটবর্তী গোমা শহরে নেয়া হলে সেখানকার জনতা অ্যাম্বুলেন্সকে ঘিরে ফেলে এবং 'হিরো, হিরো' বলে স্লোগান দেয়।
সাম্প্রতিক সময়ে ডিআর কঙ্গো ও রোয়ান্ডার মধ্যে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। রোয়ান্ডার বিরুদ্ধে কঙ্গোর বিদ্রোহীদের সহায়তা দেয়ার অভিযোগ করেছে ডিআর কঙ্গো।
একাত্তর/এসজে