আর মাত্র ১৩ দিন পরেই থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন। আর এই নির্বাচনকে ঘিরে দেশটিতে চলছে তুমুল প্রচার যুদ্ধ। নির্বাচনে প্রধানমন্ত্রী পদের অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী হলেন সাবেক থাই শাসক কন্যা পায়েটংটার্ন সিনাওয়াত্রা।
নির্বাচনী প্রচারের মধ্যেই এক নতুন চমক দেখিয়েছেন তিনি। ভোটের দুই সপ্তাহ আগে ফুটফুটে এক সন্তানের মা হয়েছেন পায়েটংটার্ন সিনাওয়াত্রা। আর এই সুখবর তিনি নিজেই জানিয়েছেন। সামাজিক মাধ্যমে ভাগাভাগি করেছেন মা হবার মুহূর্ত।
নিজের ইস্টাগ্রামে দেয়া এক পোস্টে পায়েটংটার্ন তাঁর নবজাতক সন্তান এবং স্বামীর একটি ছবি শেয়ার করেছেন। সেখানে তার ছেলের নাম প্রুথাসিন সুকসাওয়াস বলে পরিচয় করিয়ে দেন।
নবজাতকের হয়ে তিনি ওই পোস্টে লেখেন, হাই, আমার নাম প্রুথাসিন সুকসাওয়াস, ডাক নাম থাসিন। সব সমর্থনের জন্য ধন্যবাদ। কয়েক দিনের মধ্যে, প্রথমে আমার মায়ের সুস্থ হওয়ার জন্য অপেক্ষা করুন, তারপর আমি প্রেসের সাথে দেখা করব।
৩৬ বছর বয়সী পায়েটংটার্ন সিনাওয়াত্রা এ নিয়ে দ্বিতীয়বারের মতো মা হলেন। থাইল্যান্ডের রাজনীতিতে সিনাওয়াত্রা পরিবারের রয়েছে ব্যাপক জনসমর্থন।
আগামী ১৪ মে থাইল্যান্ডে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ নির্বাচনের আগের জরিপে শীর্ষ এক বা দুইয়ে রয়েছেন পায়েটংটার্ন, যিনি কি না থাইল্যান্ডে উং ইং নামে পরিচিত।
আরও পড়ুন: ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানালেন জ্যোতির্বিজ্ঞানীরা
সিনাওয়াত্রা পরিবার থাইল্যান্ডে ব্যাপক জনপ্রিয়। এমনকি তাদের রাজনৈতিক দলও জনপ্রিয়তার তুঙ্গে রয়েছে। এই নির্বাচনে জিতে ফের দলটি ক্ষমতায় আসবে বলে ধারণা করা হচ্ছে।
সম্প্রতি সময়ে নির্বাচন পূর্ববর্তী সব জরিপে দেখা যাচ্ছে, বর্তমানে থাইল্যান্ডের প্রধান বিরোধীদল ক্ষমতাসীন প্রধানমন্ত্রী প্রয়ুথ চ্যান-ওচা ও তার রাজনৈতিক দলের জন্য হুমকি হয়ে রয়েছে।
জরিপ বলছে, নির্বাচনে জিততে পারে পায়েটংটার্নের দল, যারা কি-না ২০১৪ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা হারিয়েছিলো।