অস্কারের ৯৬তম আসরে জয়জয়কার হলিউডের সিনেমা ওপেনহাইমারের। মোট ৭টি অস্কার জিতেছে এই সিনেমা। সর্বোচ্চ ১৩টি শাখায় মনোনয়ন পেয়েছিলো 'ওপেনহাইমার'। মুক্তির পরপরই আলোচনার ঝড় তুলেছিল, তবে সিনেমাটি নিয়ে বিতর্কেরও শেষ নেই।
‘পারমাণবিক বোমার জনক’ জে রবার্ট ওপেনহাইমারকে নিয়ে তৈরি হয়েছে মার্কিন সিনেমা 'ওপেনহাইমার'। তবে এটি বায়োপিক নয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিতে তৈরি। ৯৬তম অস্কার আসরে সেরা সিনেমার তকমা পেলেও ‘ওপেনহেইমার’ সিনেমাটিকে ঘিরে কেউ কেউ অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর মতাদর্শকে প্রচার করা হয়েছে।
অনেকেই বলছেন সিনেমায় পারমাণবিক বোমা ও ‘পারমাণবিক বোমার জনক’ জে রবার্ট ওপেনহেইমারের সাফাই গাওয়া হয়েছে।
জাপানে হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলার ক্ষত বয়ে বেড়ানো মানুষের দুর্বিষহ অভিজ্ঞতাকে এড়িয়ে গেছেন নির্মাতা নোলান। বিষয়টি নিয়ে জাপানের মানুষের ক্ষোভও উঠে এসেছে ছবিটি নিয়ে।
এর বাইরে ভারতেও বিতর্কের মুখে পড়েছিল সিনেমাটি। ছবিটির একটি দৃশ্য নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়। দৃশ্যটিতে দুইজনের একান্ত মুহূর্তে গীতা পাঠ করতে দেখা গেছে সিনেমার অভিনেতাকে।
'ওপেনহাইমার' চলচ্চিত্রে ওপেনহাইমারের চরিত্রে অভিনয় করেছেন কিলিয়ান মার্ফি। ছবিতে একটি দৃশ্যে দেখানো হয়েছে, নিজের প্রেমিকা জিন ট্যাটলকের সঙ্গে অন্তরঙ্গ সম্পর্কে লিপ্ত হয়েছেন। এর মধ্যেই একপর্যায়ে পিউ থেমে যান এবং ভগবদ্ গীতার একটি কপি হাতে তুলে নেন এবং মার্ফিকে বলেন তাকে পড়ে শোনাতে। তখন মার্ফি ভগবদ্ গীতা থেকে একটি লাইন পড়েন-
'এখন আমিই হয়ে উঠেছি মৃত্যু, বিশ্ব ধ্বংসকারী'। এটা নিয়েই হিন্দুত্বাবদী বেশ কয়েকটি সংগঠন আপত্তি তুলেছে।
এতো বিতর্কের পরেও 'ওপেনহাইমার' সিনেমাটি সেরা সিনেমার শাখায় জিতেছে অস্কার, সিনেমাটি পরিচালনা করে সেরা সিনেমার অস্কার পেয়েছেন সিনেমাটির পরিচালক ক্রিস্টোফার নোলান এবং এই সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেই সেরা অভিনেতার অস্কার জিতেছেন আইরিশ অভিনেতা কিলিয়ান মারফি। মোট ৭টি অস্কার এসেছে এই সিনেমার ঝুলিতে।