পাকিস্তানে ভূমিধসে নিহত একই পরিবারের ১২ জন

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ার (কেপি) আপার দির জেলায় ভূমিধসে ৯ শিশুসহ একই পরিবারের ১২ জন নিহত হয়েছেন। 

শুক্রবার ভোররাতে আপার দিরের ময়দান এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। খবর পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম জিও নিউজের। 

দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচ থেকে ১২ জনের মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় কর্মকর্তারা জানান, এ ঘটনায় দুই নারী, একজন পুরুষ ও ৯ শিশু নিহত হয়েছে। 

প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি এবং খাইবার পাখতুনখোয়ার তথ্য উপদেষ্টা ব্যারিস্টার মুহাম্মদ আলী সাইফ নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক থাকার নির্দেশ দিয়ে ব্যারিস্টার সাইফ বলেন, এই কঠিন সময়ে আমরা শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছি। 

তিনি আরও জানান, পাহাড়ি এলাকায় ভূমিধস এবং বন্যার বিষয়ে একটি সতর্কতা জারির পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতি কমাতে অগ্রিম ব্যবস্থা নেওয়া হয়েছে।

এক বিবৃতিতে দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে, এই সময়ের মধ্যে সিন্ধু, উত্তর-পূর্ব/দক্ষিণ বেলুচিস্তান, উত্তর-পূর্ব/মধ্য পাঞ্জাব, পোতোহার অঞ্চল, ইসলামাবাদ, কেপি, গিলগিট-বালতিস্তান (জিবি) এবং কাশ্মীরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে ভারী বৃষ্টিপাতের কারণে মুরি, গালিয়াত, মানসেহরা, কোহিস্তান, চিত্রাল, দির, সোয়াত, শাংলা, বুনের, কাশ্মীর এবং জিবিতে ভূমিধসের ঘটনা ঘটতে পারে বলেও সতর্ক করা হয়েছে।