আফগানিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত ৭৩

পশ্চিম আফগানিস্তানে সড়ক দুর্ঘটনায় অন্তত ৭৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৭ জন শিশু।

মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যার দিকে হেরাতের গুজারা শহরে এই দুর্ঘটনা ঘটেছে বলে এএফপিকে নিশ্চিত করেছেন হেরাত প্রাদেশিক সরকারের মুখপাত্র আব্দুল্লাহ মুত্তাকি।

হেরাত প্রাদেশিক পুলিশের কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ সাইদি জানিয়েছেন, বাসটি ইরান থেকে কাবুলের দিকে আসছিল; যাত্রীরা সবাই আফগান নাগরিক। বাসটির বেপরোয়া গতি এবং চালকের অসতর্কতার কারণে এই দুর্ঘটনা ঘটেছে।

সাঈদি জানান, বেপরোয়া গতিতে চলতে থাকা বাসটির সঙ্গে প্রথমে মোটর সাইকেলের সংঘর্ষ হয় এবং তার কয়েক মিনিটের মধ্যে একটি জ্বালানিবাহী ট্রাককে আঘাত করে বাসটি। এতে বিস্ফোরণ ঘটে এবং নিহতদের অনেকে ঘটনাস্থলেই মারা যান।

afghan-accident-20250820081919

ইউসুফ সাঈদি বলেন, বাসের সব যাত্রীই ইরান থেকে ফেরত আসা অভিবাসী ছিলেন।

ইরান ও পাকিস্তানে কয়েক দশক ধরে লাখ লাখ আফগান শরণার্থী আশ্রয় নিয়েছেন। তবে সাম্প্রতিক সময়ে ইরান ব্যাপক হারে অবৈধ আফগান অভিবাসীদের ফেরত পাঠাচ্ছে। জাতিসংঘের শরণার্থী সংস্থার হিসাব অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেড় মিলিয়নের বেশি আফগান ইরান ছাড়তে বাধ্য হয়েছেন।

বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, বিপুল সংখ্যক অভিবাসী ফেরত আসায় আফগানিস্তান তীব্র সংকটে পড়তে পারে। তালেবান শাসিত দেশটি আগে থেকেই পাকিস্তান থেকে ফেরত আসা শরণার্থীদের সামাল দিতে হিমশিম খাচ্ছে।