ইরান যুদ্ধ ‘প্রায় শেষ’, তারা একটি চুক্তিতে পৌঁছাতে খুবই আগ্রহী: ট্রাম্প

ইরানের সঙ্গে যুদ্ধ কার্যত শেষের পথে—এমন ইঙ্গিত দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্ববাসীকে সামনে “অসাধারণ দু’টি দিনের” জন্য প্রস্তুত থাকতে বলেছেন। 

একই সময়ে নতুন করে সংঘাত এড়াতে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে ইসলামাবাদ। মধ্যস্থতার অংশ হিসেবে পাকিস্তান সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির তেহরানে পৌঁছেছেন। 

এই কূটনৈতিক তৎপরতার সংবাদ এমন এক সময়ে এলো যখন রোববার কোনো অগ্রগতি ছাড়াই পাকিস্তানে ইরান-যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা শেষ হয়।    

বুধবার ইরানের একটি ঊর্ধ্বতন সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, মুনির, যিনি গত দফার আলোচনায় মধ্যস্থতা করেছিলেন, তিনি দুই পক্ষের মধ্যে “দূরত্ব কমাতে” ইরানে আসছেন।

পাকিস্তান সামরিক বাহিনীও ফিল্ড মার্শাল আসিম মুনিরের তেহরানে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছে। 

এদিকে এবিসি নিউজের রিপোর্টার জোনাথন কার্লের এক্স-এ করা একটি পোস্ট অনুসারে, ট্রাম্প তাকে বলেন, আমার মনে হয়, আপনারা আগামী দুই দিন অসাধারণ কিছু দেখতে চলেছেন।

তিনি আরও যোগ করেন যে, আগামী সপ্তাহে মেয়াদ শেষ হতে চলা দুই সপ্তাহের যুদ্ধবিরতি বাড়ানোর প্রয়োজন হবে বলে ট্রাম্প মনে করেন না।

মঙ্গলবার ফক্স বিজনেস নেটওয়ার্কে দেওয়া এবং বুধবার সম্প্রচারিত এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমার মনে হয়, এটা (যুদ্ধ) প্রায় শেষ। মানে, আমি এটাকে প্রায় শেষ হিসেবেই দেখছি। দেখা যাক কী হয়। আমার মনে হয়, তারা (ইরান) একটি চুক্তিতে পৌঁছাতে খুবই আগ্রহী। 

পাকিস্তান, ইরান এবং উপসাগরীয় দেশগুলোর কর্মকর্তারাও বলেছেন যে, আগামী দিনগুলোতে উভয় পক্ষই ইসলামাবাদে ফিরতে পারে।

এর আগে গেলো সপ্তাহে যুদ্ধ শেষ করার কোনো চুক্তি ছাড়াই ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শেষ হয়। এর ফলে নতুন উত্তেজনা ছড়াই মধ্যপ্রাচ্যে। একই সাথে বাড়তে থাকে জ্বালানির দাম।