২০২৩ সালের ‘বুকার’ পুরস্কার নিজের করে নিলেন আইরিশ লেখক পল লিঞ্চ। তার লেখা পঞ্চম উপন্যাস ‘প্রফেট সং’ এর জন্য পুরস্কারটি পেয়েছেন তিনি। রোববার দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, সংক্ষিপ্ত তালিকায় থাকা আরও পাঁচজনকে পেছনে ফেলে লিঞ্চ মর্যাদাবান পুরস্কারটি জিতে নিয়েছেন।
বুকার পুরস্কারকে ইংরেজি সাহিত্যের শ্রেষ্ঠ স্বীকৃতির একটি হিসেবে বিবেচনা করা হয়। এর আগে মার্গারেট অ্যাটউড, হিলারি মানটেল ও সালমান রুশদির মতো বিশ্ব প্রশংসিতরা বুকার পুরস্কার পেয়েছিলেন।
পল লিঞ্চের উপন্যাসে আয়ারল্যান্ডকে একটি নব্য ফ্যাসিবাদী জাতীয়তাবাদী সরকারের শাসনের অধীনে কল্পনা করা হয়েছে। এর আগে, তিনি ছাড়া আরও চারজন আইরিশ লেখক পুরষ্কারটি পেয়েছিলেন। এদের মধ্যে রয়েছেন সালমান রুশদি, মার্গারেট অ্যাটউড এবং হিলারি ম্যান্টেল।
এবারের বিচারকদের ভাষায়, চলমান বৈশ্বিক অস্থিরতা ও রাজনৈতিক টানাপড়েনের মধ্যে লিঞ্চের বহুমাত্রিক উপন্যাসটিই বুকারের সবচেয়ে যোগ্য দাবিদার।
লন্ডনে আয়োজিত পুরস্কার প্রদান অনুষ্ঠানে ৪৬ বছর বয়সী ঔপন্যাসিক লিঞ্চ জানান, বুকার পুরস্কারকে আয়ারল্যান্ডে নিয়ে যেতে পারায় আনন্দিত তিনি।
লিমেরিকে জন্ম পল লিঞ্চের, এখন ডাবলিনে বসবাস তার। গল্পের প্লটও সাজিয়েছেন ডাবলিনকে ঘিরে। ক্রম ক্ষয়মাণ গণতান্ত্রিক বিশ্ব ব্যবস্থায় দাঁড়িয়ে একটা পরিবারের গল্প। গল্পে আয়ারল্যান্ডকে চিত্রিত করা হয়েছে একনায়কের নিয়ন্ত্রণে। এইলিশ স্ট্যাক হলেন একজন বিজ্ঞানী।
সেখানকার গৃহযুদ্ধের সময়ে সন্তানের জন্য তার ভালোবাসা উঠে এসেছে উপন্যাসে। একে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে গল্প। গল্পের পাটাতন তৈরিতে সিরিয়ার যুদ্ধ ও শরণার্থী সমস্যা অনুপ্রাণিত করেছে বলে জানিয়েছেন লিঞ্চ। ‘প্রফেট সং’ পল লিঞ্চের পঞ্চম বই। এর পেছনে ব্যয় করেছেন চার বছর।