রুশ দুই যুদ্ধজাহাজে ইউক্রেনের হামলা

দখলকৃত ক্রিমিয়া উপদ্বীপের সেভাস্তোপোলে কৃষ্ণসাগরের উপকূলে রাশিয়ার দুইটি যুদ্ধজাহাজে হামলা চালিয়েছে ইউক্রেন। রোববার ইউক্রেন জানিয়েছে, শনিবার দিবাগত রাতে এই হামলা চালানো হয়।

এক বিবৃতিতে ইউক্রেনীয় সেনাবাহিনীর কৌশলগত যোগাযোগকেন্দ্র বলেছে, ইউক্রেনীয় সশস্ত্রবাহিনী  কৃষ্ণসাগরে রাশিয়ার দুই যুদ্ধজাহাজে হামলা চালিয়েছে। এগুলোর একটি হলো সেনাবহনকারী জাহাজ ইয়ামাল এবং অপরটি যোগাযোগকেন্দ্র আজভ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, রাশিয়ার কৃষ্ণসাগরীয় নৌবহরের আরও কয়েকটি জাহাজেও হামলা চালানো হয়েছে। তবে হামলায় জাহাজগুলোর ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত জানায়নি ইউক্রেনীয় বাহিনী।

ইউক্রেনীয় এ দাবির সত্যতা স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি রয়টার্স। রাশিয়ার পক্ষ থেকেও কোনও বক্তব্য পাওয়া যায়নি। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার সর্বাত্মক হামলার পর থেকেই যুদ্ধ নিয়ে ভুয়া তথ্যের প্রচার বেড়েছে।

গত ফেব্রুয়ারি মাসে ইউক্রেন দাবি করেছিল সামুদ্রিক ড্রোন দিয়ে হামলা চালিয়ে রাশিয়ার দুইটি যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছে তারা। ওই সময়ও রুশ কর্তৃপক্ষ ইউক্রেনীয় দাবির সত্যতা নিশ্চিত করেনি।

তবে, প্রায় এক বছর আগে ইউক্রেনীয় ক্ষেপণাস্ত্র হামলায় রাশিয়ার কৃষ্ণসাগরীয় নৌবহরের ফ্ল্যাগশিপ যুদ্ধজাহাজ মস্কোভা ডুবে গিয়েছিল।