শিল্পমন্ত্রীর সাথে ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাত

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের (এমপি) সাথে বাংলাদেশ নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুয়েনতসি সাক্ষাত করেছেন।  

মঙ্গলবার (১১ ডিসেম্বর) শিল্প মন্ত্রণালয়ে মন্ত্রীর অফিসকক্ষে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। শিল্প মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হাসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। 

এসময় ভুটানের রাষ্ট্রদূত বাংলাদেশ থেকে আড়াই থেকে তিন হাজার মেট্রিকটন সার কেনার আগ্রহ প্রকাশ করেন এবং এ ব্যাপারে শিল্পমন্ত্রীর সহায়তা কামনা করেন। 

জবাবে শিল্পমন্ত্রী জানান, বাংলাদেশ নিজেই সার আমদানি করে। তবুও বন্ধুপ্রতীম দেশ হিসেবে ভুটানের জন্য আন্তর্জাতিক বাজারমূল্যে কাফকো থেকে প্রয়োজনীয় সার পাঠানোর ব্যবস্থা করা হবে। এ লক্ষ্যে শীঘ্রই পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় বিসিআইসি ও ভুটানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। 

আরও পড়ুন: ১৩ জানুয়ারি থেকে যেসব কাজ করা যাবে না

স্বাধীনতার সময় বাংলাদেশকে অব্যাহত সমর্থন দেওয়ার জন্য ধন্যবাদ জানান এবং ভুটানের সাথে একযোগে কাজ করার আশ্বাস দেন শিল্পমন্ত্রী।

এ সময় বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান শাহ্‌ মো. ইমদাদুল হক, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস আলম এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অনুবিভাগের পরিচালক সাহাব বিন আহমেদ উপস্থিত ছিলেন।


একাত্তর/আরবিএস