বিশিষ্ট নাগরিকদের সঙ্গে বৈঠকে সার্চ কমিটি

নির্বাচন কমিশন গঠনে ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে দেশের বিশিষ্ট নাগরিকদের সঙ্গে আলোচনায় বৈঠকে বসেছে সার্চ কমিটি।  

শনিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে সুপ্রিম কোর্ট জাজেজ লাউঞ্জে এই বৈঠক শুরু হয়েছে।

বৈঠকে বিশিষ্ট নাগরিকের মধ্যে উপস্থিত রয়েছেন সাবেক অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফ, সিনিয়র আইনজীবী ফিদা এম কামাল, আইনজীবী মনসুরুল হক চৌধুরী, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন, সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রোকনুদ্দিন মাহমুদ, আইনজীবী এম কে রহমান, আইনবিদ ড. শাহদীন মালিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. বোরহান উদ্দিন খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) ড. মাকসুদ কামাল, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির প্রেসিডেন্ট অধ্যাপক মাহফুজা খানম, ব্রতীর প্রধান নির্বাহী শারমিন মুরশিদ, ফেয়ার ইলেকশন মনিটরিং অ্যালায়েন্সের প্রেসিডেন্ট মুনিরা খান

এছাড়া বৈঠকে আপিল বিভাগের বিচারপতি ও সার্চ কমিটির প্রধান ওবায়দুল হাসান, সদস্য হিসেবে হাইকোর্টের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক উপস্থিত রয়েছেন।

আরও পড়ুন: পিকআপ চাপায় পাঁচ ভাইয়ের মৃত্যু, সেই চালক গ্রেপ্তার

এদিকে নির্বাচন কমিশন গঠনে শনি ও রোববার তিন দফায় মোট ৬০ জন বিশিষ্টজন নাগরিকের সঙ্গেও সাথেও কথা বলবে সার্চ কমিটি।  

পরে সবার প্রস্তাবনা যাচাই বাছাই শেষে সিইসি ও অন্যান্য নির্বাচন কমিশনারদের নামের একটি সংক্ষিপ্ত তালিকা রাষ্ট্রপতির কাছে জমা দেবে সার্চ কমিটি। সেখান থেকে একজন সিইসি ও চারজন নির্বাচন কমিশনারের নাম চূড়ান্ত করবেন রাষ্ট্রপতি।

আগামী ১৪ ফেব্রুয়ারি কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে। ফলে তার আগে নতুন নির্বাচন কমিশন গঠন করা হবে। 



একাত্তর/আরবিএস