ইজতেমার দ্বিতীয় পর্বের ব্যবস্থাপনায় খুশি মুসুল্লিরা

ইজতেমার দ্বিতীয় পর্বে এবার প্রথম পর্বের ছোটখাট অব্যবস্থাপনা কাটিয়ে উঠেছে ইজতেমা কর্তৃপক্ষ। মুসল্লিরা জানান, এবার অজু- গোসলের পানি সরবরাহ বাড়ানো হয়েছে। সরকারি ও বেসরকারি স্বাস্থ্যসেবার মানও ছিল ভাল। নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা আরো বেড়েছে। 

শুক্রবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা মাঠে বাড়ছে মুসল্লিদের ঢল। দ্বিতীয় পর্বের ইজতেমায় যোগ দিতে এসেছেন ৫৪টি দেশের চার হাজার বিদেশি মুসুল্লি।

তাদের জন্য পশ্চিম-উত্তর দিকে আলাদা তাবু নির্ধারিত রয়েছে। সেখানে রাখা হয়েছে আধুনিক সব ব্যবস্থা। মুসল্লিদের নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য কাজ করছে প্রশাসন।

প্রথম পর্বে তিন দিনে ৮জন মুসল্লির মৃত্যু হয় । তাই বাড়ানো হয়েছে স্বাস্থ্যসেবা। মুসল্লিদের সেবা দেওয়ার জন্য সরকারি হাসপাতালে সেবা বাড়ানো হয়েছে। 

ময়দানের পাশে বসানো হয়েছে প্রায় অর্ধশত বেসরকারি ফ্রি মেডিক্যাল ক্যাম্প। ময়দানের ময়লা আবর্জনা পরিষ্কারসহ সব সুবিধা বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন গাজীপুরের ভারপ্রাপ্ত মেয়র। 

সিসিটিভি মনিটরিং, সবকিছু মিলিয়ে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা বাড়ানো ৱহয়েছে। কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ১০ হাজার সদস্য।

এদিকে, ইজতেমায় অংশ নিতে আসা এক মুসল্লির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে তিনি মৃত্যুবরণ করেন। দ্বিতীয় পর্বের ইজতেমায় এটাই প্রথম মৃত্যু।

মারা যাওয়া ওই মুসল্লির নাম মফিজুল ইসলাম (৭৫)। তাঁর বাবার নাম আবদুল আলীম। বাড়ি বরগুনা জেলায়। তিনি একটি তাবলিগ জামাতের সঙ্গে ইজতেমায় এসেছিলেন।

তাবলিগ জামাতের বিরোধের কারণে এবারও বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে দুই ভাগে। প্রথম পক্ষ বা মাওলানা সাদ কান্ধলভীর বিরোধী হিসেবে পরিচিত মাওলানা জুবায়ের অনুসারীরা ইজতেমা পালন করেন ১৩ থেকে ১৫ জানুয়ারি। আজ থেকে শুরু হয়েছে দ্বিতীয় পক্ষ বা মাওলানা সাদ কান্ধলভী অনুসারীদের ইজতেমা। এই ইজতেমা চলবে আগামী রোববার পর্যন্ত।



একাত্তর/এআর