একই প্রতিষ্ঠান কীভাবে বারবার ঠিকাদারি পায়, প্রশ্ন সংসদীয় কমিটির

একই প্রতিষ্ঠান কীভাবে বারবার ঠিকাদারি পায় সেই ‘রহস্যের’ কারণ উদঘাটন করতে বলেছে সংসদীয় কমিটি।

রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ নিয়ে আলোচনা হয়। সংসদ সচিবারয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘একই ঠিকাদারি প্রতিষ্ঠান কীভাবে বারবার টেন্ডারের কাজ পেয়ে থাকে তার রহস্য উদঘাটনের লক্ষ্যে একটি তদন্ত প্রতিবেদন আগামী সভায় উপস্থাপনের জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে।’

কমিটির সভাপতি রওশন আরা মান্নানের সভাপতিত্বে বৈঠকের কমিটির সদস্য মো. আবু জাহির, মো. ছলিম উদ্দীন তরফদার, শেখ সালাহউদ্দিন, রাবেয়া আলীম এবং মেরিনা জাহান বৈঠকে অংশ নেন।

রওশন আরা মান্নানের সভাপতিত্বে সংসদীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি: সংসদ সচিবালয়

এদিকে, বৈঠকে সিলেট-তামাবিল মহাসড়ক পৃথক এসএমভিটি লেনসহ ৪ লেনে উন্নীতকরণ প্রকল্প এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতাধীন গুরুত্বপূর্ণ মহাসড়কে পণ্য পরিবহনের উৎসমুখে এক্সেল লোড নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপন প্রকল্পের কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করা হয় এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার সুপারিশ করা হয়।

বৈঠকে মতিঝিল বিআরটিসি ডিপো সংলগ্ন জায়গার লিজ গ্রহণকারী রেহানা বেগম এবং রুবেল এর কাছ থেকে বকেয়া পাওনা টাকা আদায়সহ তাদেরকে উচ্ছেদের ব্যবস্থা নেয়ারও সুপারিশ করে কমিটি।

বৈঠকের কার্যবিবরণী থেকে জানা গেছে, জনৈক রেহানা বেগম ৯০ সালে বিআরটিসি ডিপো সংলগ্ন ৫০০ বর্গফুট জায়গা লিজ নেন। লিজগ্রহীতা মারা গেলেও তাকে জীবিত দেখিয়ে তার নামে বরাদ্দ বহাল রাখা হয়েছে।