ডোনাল্ড লুর সঙ্গে বৈঠকে বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক আরো জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী।
বুধবার সকালে সাবের হোসেনর সঙ্গে বৈঠক করতে মন্ত্রণালয়ে তার কার্যালয়ে যান বাংলাদেশে সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু।
বৈঠক শেষে সাবের হোসেন সাংবাদিকদের বলেন, দুদেশের মধ্যে সম্পর্ক উন্নয়ন নিয়ে লুর সাথে কথা হয়েছে। সম্পর্ক আরো গতিশীল ও উন্নত করার নিয়েও আলোচনা হয়েছে।
তিনি বলেন, অতীত নিয়ে কথা হয়নি। কথা হয়েছে ভবিষ্যৎ নিয়ে, দুদেশের সম্পর্ক কীভাবে জোরদার করা যায়। বৈঠকে জলবায়ু, টেকসই উন্নয়ন ও দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে কথা হলেও রাজনীতি নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানান সাবের হোসেন চৌধুরী।
এ সময় ডোনাল্ড লু সাংবাদিকদের বলেন, আলোচনা ফলপ্রসূ হয়েছে। জলবায়ু পরিবর্তন ও পরিবেশ রক্ষার বিভিন্ন খাতে এক হয়ে কাজ করবে দুই দেশ।
তিনদিনের সরকারি সফরে মঙ্গলবার ঢাকায় এসেছেন ডোনাল্ড লু। গত জানুয়ারিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর যুক্তরাষ্ট্রের কোনো কর্মকর্তার উচ্চ পর্যায়ের প্রথম সফর এটি।
ঢাকা আসার পর লু রাতে যোগ দেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের বাসভবনের নৈশভোজে অংশ নেন। সেখানে সরকারের বেশ কয়েকজন নীতি নির্ধারক অংশ নেন। বুধবার আরো কয়েকটি বৈঠক রয়েছে লুর। পররাষ্ট্র সচিবের সঙ্গে হবে দ্বিপক্ষীয় বৈঠক।
এদিন বেলা সাড়ে ১১টার দিকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ে আসেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী। এরপর শুরু হয় বৈঠক।
সাবের হোসেন চৌধুরী বলেন, জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করার বিষয়ে নাসাসহ বর্তমান প্রযুক্তিগুলোর সহায়তা পাওয়ার বিষয়ে আমরা আমেরিকার সমর্থন চেয়েছি। এছাড়াও সহায়তা চাওয়া হয়েছে জলবায়ু পরিবর্তন বিষয়ক স্যাটেলাইট প্রযুক্তির ডেটা সহায়তা নেওয়ার বিষয়েও।
আগামী দিনে গ্রিন প্রজেক্ট বাস্তবায়নের জন্য একযোগে কাজ করার বিষয়ে সহায়তা চাওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য বিশ্ব সম্প্রদায়ের অব্যাহত সমর্থন করার ওপর জোর দিয়েছি।
জলবায়ু তহবিল নিয়ে কাজ করা সংস্থাগুলোর কাজ থেকে অর্থায়ন ও সহযোগিতা পাওয়ার বিষয় উল্লেখ করে সাবের হোসেন বলেন, তবে আমরা কোন অঙ্কের কথা বলিনি, আমরা সবখাতে আমাদের চাহিদা ও অগ্রাধিকারগুলো জানিয়েছি।
জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়নসহ নানা বিষয়ে চুক্তিতে পৌঁছানোর কাজ চলছে বলেও জানান সাবের হোসেন। বলেন, বন্যা, বন ধ্বংস, লস অ্যান্ড ড্যামেজসহ নানা বিষয়ে যুক্তরাষ্ট্র প্রযুক্তি ও স্যাটেলাইট সহায়তা করবে বলে আশ্বাস দিয়েছেন ডোনাল্ড লু।