বৈধ ও অবৈধ অস্ত্র জমা দেওয়ার সময় শেষ হচ্ছে মঙ্গলবার রাতে। বুধবার রাত ১২টার পর থেকে অস্ত্র উদ্ধার কাজ শুরু করবে যৌথ বাহিনী। এসময় মাদক নিয়ন্ত্রণে মাদক চোরাচালান ও এর সঙ্গে সম্পৃক্ত গডফাদারদেরও ধরা হবে।
মঙ্গলবার দুপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের প্রথম সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
সভায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে উপদেষ্টা জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতির কীভাবে আরও উন্নতি করা যায়, এ বিষয়ে আমরা কিছু কিছু পদক্ষেপও নেবো।
তিনি বলেন, আপনারা জানেন আজকে কিন্তু অবৈধ ও বৈধ সব জমা দেওয়ার সময় শেষ হয়ে যাচ্ছে। তাই যৌথ বাহিনীর অপারেশন শুরু হবে অস্ত্র উদ্ধারের জন্য।
এদিকে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় বড় উৎসব শারদীয় দুর্গোৎসব শুরু হচ্ছে আগামী ৯ অক্টোবর থেকে। এব্যাপারে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আসন্ন দুর্গাপূজা যাতে সুষ্ঠুভাবে হতে পারে, এজন্য আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছি। আশা করছি, পূজাটা খুব ভালোভাবে হয়ে যাবে। কোনো ধরনের সমস্যা হবে না।
সীমান্ত সমস্যা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, আপনারা জানেন মিয়ানমার সীমান্তে আমাদের একটু সমস্যা আছে।
সাংবাদিকদের কোনো প্রশ্নের জবাব না দিয়ে চলে যাওয়ার সময় উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, অস্ত্র উদ্ধারসহ সব বিষয়ে সরকারের পদক্ষেপ অনগ্রাউন্ডে দেখতে পাবেন।