হারানো এনআইডি তুলতে আর লাগবে না জিডি: ইসি সচিব

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) হারিয়ে গেলে এখন থানায় আর সাধারণ ডায়েরি (জিডি) করতে হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।  

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে সাংবাদিকদের তিনি এ কথা জানান। 

আখতার আহমেদ বলেন, ‎‎১৮ বা তার বেশি বয়সীদের ভোটার তালিকাভুক্ত করে জাতীয় পরিচয়পত্র বা স্মার্টকার্ড দিয়ে থাকে নির্বাচন কমিশন। পাশাপাশি ভোটারযোগ্যদের বাইরে কমবয়সীদর তথ্য নিবন্ধন করে থাকে ইসি। 

এ সময় ১৬ বছর হলেই এনআইডি পাওয়া যাবে জানিয়ে তিনি বলেন, ‎‎যাদের বয়স ১৬ বছর হয়েছে তারা জাতীয় পরিচয়পত্র পেতে নিবন্ধন করতে পারবেন। কিন্তু ভোটার হতে পারবেন না। এছাড়া এনআইডি হারিয়ে গেলে নতুন কার্ড তুলতে এখন থেকে আর থানায় জিডি করতে হবে না।

ইসি সচিব জানান, ‎রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য মাঠ পর্যায়ের তদন্ত প্রতিবেদন চলে এসেছে। প্রাথমিকভাবে উত্তীর্ণ ২২ রাজনৈতিক দলের নিবন্ধনের মাঠ পর্যায়ের তথ্য যাচাই বাছাই শেষে আগামীকাল তথ্য কমিশনে দেয়া হবে। 

তিনি আরও জানান, আইন মন্ত্রণালয় থেকে রাজনৈতিক দলের প্রতীক ভেটিং এর পর নতুন দলগুলোকে নিবন্ধন দেবে ইসি। 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী সরঞ্জাম কেনাকাটা সেপ্টেম্বর এর মধ্যে শেষ হবে বলেও জানিয়েছেন ইসি সচিব।