দুর্গাপূজায় গুজব ঠেকাতে তৎপর র‌্যাবের সাইবার টিম

দুর্গাপূজাকে কেন্দ্র করে গুজব ছড়িয়ে যেন কোনো মহল নিরাপত্তা বিঘ্নিত করতে না পারে সে বিষয়ে র‌্যাবের সাইবার মনিটরিং টিম তৎপর রয়েছে বলে জানিয়েছেন বাহিনীটির মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমান।

রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সোমবার (২৯ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

তিনি গুজব বা অপতৎপরতা সংক্রান্ত কোনো তথ্য থাকলে জানানোর অনুরোধ করেন।

ছবি: সংগৃহীত

র‌্যাব মহাপরিচালক জানান, দেশের মন্দিরগুলোতে র‌্যাবের পোশাকধারী সদস্যরা যেমন আছে, তেমনি সাদা পোশাকধারীরাও দায়িত্ব পালন করছে।

পূজা কেন্দ্র করে দেশের বিভিন্নস্থানে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে উল্লেখ করে র‌্যাব মহাপরিচালক বলেন, সামনে যাতে আর কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয়ে র‌্যাব সতর্ক।