ফ্যাসিস্ট বুদ্ধিজীবীরা সবসময় বিভাজন তৈরির চেষ্টা করে: স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশে কোনো ধর্মীয় বিভেদ না থাকলেও এক শ্রেণির ফ্যাসিস্ট ও ফ্যাসিস্ট বুদ্ধিজীবী সবসময় বিভাজন তৈরির চেষ্টা করে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। 

শুক্রবার (১০ অক্টোবর) ঢাকার আশুলিয়ায় বোধিজ্ঞান কেন্দ্র (বৌদ্ধ বিহার) আয়োজিত কঠিন চীবর দান অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন। 

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পূজায় অসুরের দাড়ি লাগানোর ঘটনায় ৭০০ এর বেশি জিডি ও মামলা হয়েছে, খুব শিগগিরই জড়িতদের গ্রেপ্তার করা হবে। 

ফ্যাসিস্ট এবং সোকল্ড ফ্যাসিস্ট ইন্টেলেকচুয়ালরা এসবে ইন্ধন দেয় এমন অভিযোগ করে সবাইকে তা প্রতিরোধের আহবান জানান উপদেষ্টা। 

বাংলা চন্দ্রপঞ্জিকা অনুযায়ী প্রবারণা পূর্ণিমার এক মাসের মধ্যে বৌদ্ধ ভিক্ষুদেরকে ত্রি-চীবর নামে বিশেষ পোশাক দান করা হয়। বৌদ্ধ ধর্মমতে এই দান হলো সর্বশ্রেষ্ঠ দান। আশুলিয়ার বোধিজ্ঞান ভাবনা কেন্দ্র বৌদ্ধ বিহারে আজ সন্ধ্যায় এই আয়োজনে বৌদ্ধ ভিক্ষুদের কঠিন চীবর দান করা হয়। 

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মনীষী অতীশ দীপঙ্করের জ্ঞান, দর্শন, ধর্মচর্চা, কর্ম, শিক্ষা আরো বিস্তৃত পরিসরে ছড়িয়ে দিতে জন্মভূমি বাংলাদেশে তার নামে একটি বিশ্ব মানের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা সময়ের দাবি।

তিনি আরও বলেন, বাংলাদেশের সন্তান হিসেবে মনীষী অতীশ দীপঙ্করের কীর্তি ও বিশ্বব্যাপী খ্যাতিতে আমরা গর্বিত। 

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্তমান অন্তবর্তীকালীন সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ক্ষেত্রে সর্বদা বদ্ধপরিকর। দেশের সকল বৌদ্ধ বিহারে আশ্বিনী পূর্ণিমার পর হতে কার্তিকী পূর্ণিমা পর্যন্ত মাসব্যাপী কঠিন চীবর দান কর্ম শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের জন্য সরকারের পক্ষ থেকে সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি দাবি করেন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। 

সকল ধর্মই শান্তি ও সম্প্রীতির বার্তা প্রচার করে আসছে। আমাদের দেশে কোনো ধর্মীয় বিভেদ নেই। সবাই শান্তিপূর্ণ ও সহাবস্থানে থেকে নিজ নিজ ধর্ম পালন করে যাচ্ছে। কিন্তু আমাদের দেশের এক শ্রেণির বুদ্ধিজীবীরা সবসময় বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করে, যোগ করেন তিনি। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশে শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপাল বীরাক্কোদি, বিশিষ্ট ব্যবসায়ী দয়াল কুমার বড়ুয়া, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, বিশিষ্ট ব্যবসায়ী শুভাশীষ চাকমা, কর্নেল দিদারুল আলম প্রমুখ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।