বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে সরকার উদ্বিগ্ন না: পররাষ্ট্র উপদেষ্টা

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে অংশগ্রহণের বিষয়ে পাকিস্তানের সিদ্ধান্ত নিয়ে সরকার উদ্বিগ্ন নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। এটিকে দেশটির অভ্যন্তরীণ বিষয় হিসেবে উল্লেখ করে তিনি বলেন, পাকিস্তান কখনও বলেনি তারা খেলবে না; তারা বলেছে বিষয়টি বিবেচনা করবে। ভারতের মাটিতে না খেলার সিদ্ধান্ত আমাদের নিজস্ব। আর পাকিস্তান খেলবে কি না, তা সম্পূর্ণ তাদের ব্যাপার।

রোববার (১ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ‘ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব)’ আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করেন যে, আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে।

রাজনৈতিক ঐকমত্য ও অতীত নির্বাচনের উদাহরণ টেনে তিনি বলেন, ১৯৯১ সালের জাতীয় নির্বাচনে ৫৫ শতাংশ ভোট পড়েছিল। আসন্ন নির্বাচনে ভোটার উপস্থিতি ৫৫ শতাংশ ছাড়িয়ে যাবে বলে তিনি বিশ্বাস করেন।

গণভোটের ‘হ্যাঁ’ ভোট প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, আগে কিছু মানুষের মধ্যে এ নিয়ে বিভ্রান্তি ছিল। তবে এখন প্রধান রাজনৈতিক দলগুলো এর পক্ষে অবস্থান নিয়েছে। যেহেতু মানুষ সাধারণত তাদের দলের অবস্থান অনুসরণ করে ভোট দেয়, তাই তিনি মনে করেন এটি সহজেই পাস হবে।

ডিক্যাব সভাপতি এ কে এম মঈনুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন লিলার এবং ডিক্যাবের সাধারণ সম্পাদক আবু হেনা ইমরুল কায়েস।