দেশে গত আট বছর ধরে হামের টিকা দেওয়া হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এই দীর্ঘ বিরতির ফলে নতুন করে হামের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় টিকা কেনার জন্য বর্তমান সরকার ৬০৪ কোটি টাকা বরাদ্দ দিয়েছে বলে তিনি উল্লেখ করেন।
আজ রোববার (২৯ মার্চ) বেলা ১১টায় পূর্বাচলে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দীর্ঘদিন হামের টিকা কার্যক্রম বন্ধ থাকায় কিছু এলাকায় এর প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় দ্রুত নতুন করে টিকা কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি জানান, বেসরকারি অনুদানের মাধ্যমে পাঁচটি ভেন্টিলেটরের ব্যবস্থা করা হয়েছে, যার মধ্যে চারটি আগামীকাল রাজশাহীতে পাঠানো হবে।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ (বাপি) আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল মুক্তাদির।
অনুষ্ঠানে স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী, ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. শামীম হায়দারসহ দেশি-বিদেশি প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক প্রদর্শনীতে বাংলাদেশসহ এশিয়া, ইউরোপ ও আমেরিকার ২০টি দেশের চার শতাধিক প্রতিষ্ঠান অংশ নিয়েছে। মেলাটি আগামী ৩১ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে।