ঢাকাকে আর হেয় করবে না দিল্লি: পররাষ্ট্রমন্ত্রী

ভারতে অবস্থানরত দণ্ডিত আসামি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দ্রুত ফেরত পাঠানোর তাগিদ দেওয়া হয়েছে। পাশাপাশি রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে আর হেয় প্রতিপন্ন না করার বিষয়ে আশ্বস্ত হয়েছে ঢাকা। 

সোমবার (১০ আগস্ট) এক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সৌজন্য সাক্ষাৎ বিষয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

ভারতের সঙ্গে আলোচনার মাধ্যমে দুই দেশের সুসম্পর্ক বজায় রাখার ইতিবাচক বার্তা পাওয়া গেছে উল্লেখ করে ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে ভারত হেয় প্রতিপন্ন করবে না বলেই হাইকমিশনারের সঙ্গে আলোচনায় আমরা আশ্বস্ত হয়েছি।

তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতীয় হাইকমিশনারের মধ্যকার বৈঠকে দণ্ডিত আসামি শেখ হাসিনা এবং শহীদ ওসমান হাদী হত্যাকাণ্ডে জড়িত পলাতক আসামিদের ফেরত পাঠানোর আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া ত্বরান্বিত করার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। ইতিমধ্যে হাদী হত্যায় জড়িত আসামিদের তথ্য ভারতের কাছে হস্তান্তর করা হয়েছে।

গত পাঁচ আগস্ট ভারতে বসে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের দণ্ডিত আসামিদের সাংবাদিক সম্মেলন করতে দেওয়ার বিষয়টি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন, ভারত তাদের এই অবস্থান ও স্পর্শকাতরতা অনুধাবন করতে পারবে এবং ভবিষ্যতে এর পুনরাবৃত্তি ঘটবে না।

এদিকে আসন্ন ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে তৈরি হওয়া জল্পনা-কল্পনার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী জানান, বৈঠকে সফর সংক্রান্ত প্রসঙ্গ উঠলেও এ বিষয়ে এখনো কোনো নীতিগত বা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।