গ্রেপ্তারের আগে পুলিশ কর্মকর্তাদের ক্রাইম ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম (সিডিএমএস) থেকে গ্রেপ্তারি পরোয়ানার সত্যতা যাচাইয়ের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিচারপতি কে এম হাফিজুল আলম ও বিচারপতি মুরাদ এ মাওলা সোহেলের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ সংক্রান্ত এক রিটের রুল নিষ্পত্তি করে এই রায় দেন।
সেই সঙ্গে নালিশি মামলা দায়েরের ক্ষেত্রে বাদি ও আইনজীবীর পরিচয় নিশ্চিত করতে আইনজীবীর পরিচয়পত্র ও বাদির জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) অনুলিপি মামলায় সংযুক্ত করার ব্যবস্থা নিতে রায়ে নির্দেশ দেওয়া হয়েছে।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জে আর খান রবিন ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. হুমায়ুন হোসেন তুহীন।
ভুয়া পরোয়ানায় আরিফ নিয়াজী নামের এক ব্যক্তিকে গ্রেপ্তারের প্রেক্ষাপটে জনস্বার্থে হাইকোর্টে রিট করে মানবাধিকার ও পরিবেশবাদি সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি)। সে রিটের শুনানি নিয়ে হাইকোর্ট রুলসহ আদেশ দেয়। আজ রুল নিষ্পত্তি করে রায় ঘোষণা করে হাইকোর্ট।