রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি মুছে ফেলাসহ দেশের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা ও হুমকি রোধে সরকারের কঠোর পদক্ষেপ চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) সুপ্রিম কোর্টের আইনজীবী সাদ্দাম হোসেন অভি জনস্বার্থে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদনটি দায়ের করেন।
রিট আবেদনে উল্লেখ করা হয়, দেশে সম্প্রতি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা সৃষ্টির মাধ্যমে সুস্থ সাংস্কৃতিক বিকাশকে মারাত্মকভাবে ব্যাহত করা হচ্ছে। আবেদনে আরও বলা হয়, দেশের সাংস্কৃতিক শিল্প, সাহিত্য ও ঐতিহ্য রক্ষা করা সরকারের অন্যতম সাংবিধানিক দায়িত্ব—যা সংবিধানের ২৩ অনুচ্ছেদে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে।
রিট আবেদনকারী আইনজীবী সাদ্দাম হোসেন অভি অভিযোগ করেন, ধর্মের নাম ব্যবহার করে একশ্রেণির মানুষ নানা অপব্যাখ্যার মাধ্যমে দেশের ঐতিহ্যবাহী সংস্কৃতি ধ্বংস করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।
রিটে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টি ও প্রতিকৃতি রক্ষা, কনসার্ট, নাটক, সিনেমা এবং গানসহ যাবতীয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিল্প-সাহিত্যের সুরক্ষায় কার্যকর নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে চলতি সপ্তাহে এই রিট আবেদনের ওপর শুনানি হতে পারে বলে জানা গেছে।