সোমবারই নুসরাতের বাড়িতে আগুনের তদন্ত প্রতিবেদন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও সংরক্ষিণ নারী আসনে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার বাসভবনে আগুনের ঘটনায় গঠিত তদন্ত কমিটির তিন দিনের মেয়াদ শেষে সোমবারই আনুষ্ঠানিকভাবে এই চাঞ্চল্যকর ঘটনার তদন্ত প্রতিবেদন জমা দেয়া হবে বলে জাতীয় সংসদে স্পষ্ট জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। একই সঙ্গে তিনি জানিয়েছেন, ঘটনার দিন তাঁর দেয়া মন্তব্য কোনো চূড়ান্ত বক্তব্য বা তদন্তকে প্রভাবিত করার উদ্দেশ্যে ছিলো না।

রোববার সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে নুসরাত তাবাসসুমের উত্থাপিত আশঙ্কার জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অধিবেশন পরিচালনা করছিলেন।

এর আগে কুষ্টিয়ার বাসভবনে আগুনের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর আগের বক্তব্যের প্রসঙ্গ টেনে সংসদ সদস্য নুসরাত তাবাসসুম আশঙ্কা প্রকাশ করেছিলেন, সংসদে বিষয়টিকে ‘শর্ট সার্কিট’ ও ‘পরিত্যক্ত বাড়ি’ হিসেবে উপস্থাপন করায় তা তদন্ত প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে।

তাঁর এই শঙ্কার তাৎক্ষণিক ও বিস্তারিত ব্যাখ্যা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানান, গত ১১ নভেম্বর দিবাগত রাত ১২টা ২০ মিনিটে কুষ্টিয়ায় ওই মর্মান্তিক আগুনের ঘটনা ঘটে। পরদিন ১২ নভেম্বর সংসদে বিরোধী দলের চিফ হুইপ বিষয়টি উত্থাপন করলে তিনি তাৎক্ষণিক তথ্যের ভিত্তিতে একটি প্রাথমিক বিবরণী দিয়েছিলেন। ঘটনার দিন সকালেই তিনি ফায়ার সার্ভিসের ডিজি, বিজিবির ডিজি, পুলিশ সুপার ও জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেন। পাশাপাশি, বিকেলে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালককে (ডিডিএলজি) প্রধান করে বিজিবির মেজর পদমর্যাদার কর্মকর্তা, অতিরিক্ত পুলিশ সুপার এবং ফায়ার সার্ভিসের অতিরিক্ত পরিচালককে নিয়ে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করে দেন।

তদন্ত কমিটির কার্যক্রম প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গঠিত তদন্ত দলের অনুলিপি ডেপুটি স্পিকারসহ সংশ্লিষ্ট সবার কাছে পাঠানো হয়েছিল এবং তাঁদের শুক্র ও শনিবারসহ তিন দিনের সময় দেওয়া হয়েছিল। আজ রবিবার সেই মেয়াদের শেষ দিন হওয়ায় আগামীকাল সোমবারই তদন্ত রিপোর্ট জমা দেওয়া হবে।

প্রাথমিক ধারণার বিষয়ে পরিষ্কার করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি সেদিন যা বলেছিলেন তা কেবল একটি প্রাথমিক ধারণা মাত্র ছিল। ফায়ার সার্ভিস বা সংশ্লিষ্টরা ঘটনাস্থলে তৎক্ষণাৎ পেট্রোল বোমার আলামত না পাওয়ায় ‘শর্ট সার্কিট’ হতে পারে বলে ধারণা করা হয়েছিল। তবে তিনি কোনো চূড়ান্ত বা কনক্লুসিভ মন্তব্য করেননি এবং তদন্ত শেষ হওয়ার পরেই প্রকৃত সত্য বেরিয়ে আসবে বলে স্পষ্টভাবে উল্লেখ করেছিলেন।

ভিডিও ফুটেজ ও মামলার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সেখানে একটি ছাগল মারা যাওয়ার বিষয়টি সত্য এবং পাশাপাশি গরুও ছিল বলে তিনি শুনেছেন। বাড়ি থেকে মানুষ বের হয়নি, এমন কথা তিনি কখনো অস্বীকার করেননি। পরবর্তীতে তিনিও ভিডিওটি দেখেছেন, যেখানে একজন মহিলাকে তাঁর শিশু সন্তান কোলে নিয়ে নিরাপদে বের হয়ে আসতে দেখা গেছে। এগুলো সবই পুঙ্খানুপুঙ্খভাবে তদন্তের বিষয়।

এছাড়া কলাবাগান থানায় সাধারণ ডায়েরি (জিডি) এবং টেলিফোনে হুমকির বিষয়ে সাইবার অপরাধীদের শনাক্তকরণেও আইনানুগ প্রক্রিয়া জোরালোভাবে এগিয়ে চলছে।

তদন্ত প্রভাবিত করার অভিযোগ উড়িয়ে দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি বা সংসদের কেউ কখনোই তদন্ত প্রভাবিত করার জন্য বক্তব্য দেননি। যেকোনো সংসদ সদস্যের ওপর আক্রমণ এবং তাদের জানমালের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনাগুলোকে অত্যন্ত কঠোরভাবে দেখা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রুলিং দিয়ে বলেন, একজন সংসদ সদস্যের মনে তদন্ত প্রভাবিত হওয়ার আশঙ্কা থাকতেই পারে, এটি কোনো অসংসদীয় কথা নয়। তবে স্বরাষ্ট্রমন্ত্রী যেহেতু নিজে উদ্যোগী হয়ে তদন্ত কমিটি গঠন করেছেন এবং সার্বিক বিষয়ে তদারকি করছেন, তাই চূড়ান্ত ফলাফল দেখার জন্য অপেক্ষা করার পরামর্শ দেন স্পিকার। একই সঙ্গে তিনি এমপি নুসরাতকে ধৈর্য ধারণ করার আহ্বান জানান।